Aritra Dutta Banik: স্বরূপ বিশ্বাস হওয়ার পরেই একাধিক অভিনেতা অভিনেত্রীকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। সেই তালিকায় নাম রয়েছে অপরাজিতা আঢ্যর। অপরাজিতার সৌজন্যবোধের বক্তব্যকে টেনেই এবার তাঁকে এক হাত নিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।
Aritra Dutta Banik: স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরেই একাধিক অভিনেতা অভিনেত্রীকে পড়তে হয়েছে কটাক্ষের মুখে। সেই তালিকায় নাম রয়েছে অপরাজিতা আঢ্যরও। অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ার একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার করে ট্রোল করা হয় অভিনেত্রীকে। তবে চুপ থাকেন নি অভিনেত্রীও। কটাক্ষের জবাব দিতে গিয়েই রবিবার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
অরিত্রর নিশানায় কি এবার অপরাজিতা?
ভিডিয়োটি পোস্ট করে তিনি সরাসরি ট্রোলারদের উদ্দেশ্যে জানান, সবাই যদি কাজের লোভে মন্ত্রী ঘনিষ্ঠ হতেন তাহলে সব ছবির নায়িকা হতেন শতাব্দী রায়। সায়নী ঘোষেরও কাজের অভাব হত না। তিনি ছোট থেকে সৌজন্য শিখেই বড় হয়েছেন, আর এই সৌজন্যের জন্যই তিনি ভাইফোঁটার অনুষ্ঠানের আমন্ত্রণ কখনও অস্বীকার করতে পারেননি।
অভিনেত্রী আরও জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করার আগে তাঁর হাতে কিছু কাজ ছিল না। যদি কাজের জন্যই তিনি মন্ত্রী ঘনিষ্ঠ হতেন তাহলে তাঁর কাজের অভাব হতো না। আগামী দিনে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা তাঁর অন্য কোনও মন্ত্রী আমন্ত্রণ জানান সে ক্ষেত্রেও তিনি সেই ডাকে সাড়া দেবেন বলে জানান।
অপরাজিতার এই সৌজন্যবোধের বক্তব্যকে টেনেই এবার তাঁকে এক হাত নিলেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। অপরাজিতার নাম না উল্লেখ করেই লেখেন, ‘অরূপ-স্বরূপ বিশ্বাস কেস খাওয়ার পরেই পাল্টিবাজ কিছু অভিনেতা অভিনেত্রী বলছেন যে সৌজন্যের কারণে তাঁরা এত ঘনিষ্ঠ মেলামেশা করতেন। আর শয়তান এনফোর্সমেন্ট ডিরেকটরেট বিভাগের পরিচিত আধিকারিকদের আমি তিন চার বছর আগে থেকেই বলে দিয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়ের আর কোন বান্ধবীর বন্ধ ফ্ল্যাটের খাটের তলা ভর্তি আছে, আমাকে রেড করার একদিন আগে জানান, সৌজন্যের খাতিরে আমি গিয়ে কয়েক বান্ডিল নিজের মনে করে নিয়ে আসি। আজ অবধি সেই সৌজন্য আমাকে তারা দেখাতে দেননি। এইভাবে কি একটি বিচার ব্যবস্থা চলতে পারে?’
অরিত্রের এই পোস্ট দেখে একেবারেই স্পষ্ট যে তিনি কার উদ্দেশ্যে এই পোস্ট করেছেন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও তিনি একাধিক তারকাদের নাম উল্লেখ না করে তাঁদের কটাক্ষে বিধেছেন। এবারেও অপরাজিতা আঢ্যর নাম উচ্চারণ না করেই অভিনেত্রীকে ধুয়ে দিলেন অরিত্র।