কালার্স টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা ২’-এর একটি সাম্প্রতিক ভিডিয়ো ক্লিপ ঘিরে নেটপাড়ায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন টেলিভিশনের চেনা মুখ অর্জুন বিজলানি। শো-এর মঞ্চে সঞ্চালক মুনাওয়ার ফারুকির সামনে স্ত্রী নেহা স্বামী বিজলানি-র খাদ্যাভ্যাস নিয়ে অর্জুনের করা একটি মন্তব্য নেটিজেনদের একাংশের মোটেই পছন্দ হয়নি। জাতীয় টেলিভিশনে নিজের স্ত্রীকে ‘বডি-শেমিং’ (Body-shaming) এবং অসম্মান করার অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। এবার সেই তীব্র সমালোচনার জবাবে মুখ খুললেন অর্জুন। সোশাল মিডিয়ায় নিন্দুকদের একহাত নিয়ে সাফ জানিয়ে দিলেন, তিনি মোটেই বডি-শেমিং করেননি, বরং স্ত্রীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল বলেই এমন কথা বলেছিলেন।

শো-এর ঠিক কোন মন্তব্য ঘিরে বেঁধেছিল বিতর্ক? এগিয়ে আসেন দিব্যাঙ্কাও:
ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা গিয়েছে, সঞ্চালক মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলার সময় নেহার খাওয়া-দাওয়া নিয়ে অর্জুন মন্তব্য করেন, ‘নেহা হয়তো ৮ ঘণ্টা ঘুমোয়, কিন্তু ১৬ ঘণ্টাই চরে বেড়ায়’। অর্জুনের মুখে এমন কথা শুনে সবার সামনেই কিছুটা অস্বস্তিতে পড়ে যান নেহা। পরিস্থিতি হালকা করতে এবং নেহার পাশে দাঁড়াতে তখন এগিয়ে আসেন শো-এর আরেক প্রতিযোগী অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি (যিনি স্বামী বিবেক দাহিয়ার সঙ্গে এই শো-এ অংশ নিয়েছেন)। দিব্যাঙ্কা হাসিমুখে জানান, নেহা খেলে তাঁরা সবাই খান— এবং পরে নেহার সঙ্গে পিৎজা ভাগ করে খেতেও দেখা যায় তাঁকে। অন্যদিকে, নেহার জন্য ‘চরনা’ (ঘাস খাওয়া বা চরে বেড়ানো অর্থে ব্যবহৃত) শব্দটি ব্যবহার করায় এবং মনোজ তিওয়ারির ‘সব স্বামীই ফিট স্ত্রী চান’ মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় অর্জুনের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা।
‘সবকিছু নেতিবাচক চোখে দেখবেন না’— নিন্দুকদের পাল্টা তোপ অর্জুনের:
{{/usCountry}}‘সবকিছু নেতিবাচক চোখে দেখবেন না’— নিন্দুকদের পাল্টা তোপ অর্জুনের:
{{/usCountry}}সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ এক ব্যবহারকারী অর্জুনকে বডি-শেমিংয়ের দায়ে অভিযুক্ত করলে আর চুপ থাকেননি অভিনেতা।
পাল্টা পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে অর্জুন লেখেন, ‘আমরা খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছিলাম, আমি ওকে বডি-শেমিং করছিলাম না। আপনারা সবকিছুই একটা নেতিবাচক লেন্স দিয়ে দেখেন। আমি আমার স্ত্রীকে স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস নিয়ে কিছু বলছি মানে সেটা ভালোবাসা, অন্য কিছু নয়। অন্যরা জীবনে কী করছে তা নিয়ে আমার মাথাব্যথা নেই, কিন্তু আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং ওর যত্ন নিই। তাই ওর জন্য কোনটা ভালো তা আমি বলতেই থাকব, আর ও আমার ক্ষেত্রেও একই কাজ করতে পারে। এই কারণেই আমরা ২৩ বছর ধরে একসঙ্গে রয়েছি। হেটার্স আগে বাড়ো (নিন্দুকরা এগিয়ে যান)। ইন্টারনেটে মন্তব্য করার জন্য অন্য কিছু খুঁজে নিন। বাকি আপনাদের ইচ্ছা।’
অর্জুন ও নেহার দীর্ঘদিনের দাম্পত্য রসায়ন:
উল্লেখ্য, ২০১৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা নেহা স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন বিজলানি। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে, নাম আয়ান। ‘স্মার্ট জোড়ি’-সহ একাধিক রিয়্যালিটি শো-এ একসঙ্গে অংশ নিয়ে দর্শকদের মন জয় করেছেন এই তারকা দম্পতি। পর্দায় ও বাস্তবে তাঁদের খুনসুটি বরাবরই উপভোগ করেন ভক্তরা। তাই অকারণে তাঁদের ব্যক্তিগত রসায়নকে ভুলভাবে ব্যাখ্যা করায় বেশ বিরক্ত হয়েছেন অভিনেতা।
ছোটপর্দায় তারকা দম্পতিদের রসায়ন ও বোঝাপড়া পরখ করার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা ২’ (Pati Patni Aur Panga 2)— যার আনুষ্ঠানিক নাম ‘ধামাল উইথ পতি পত্নী অউর পঙ্গা – জোড়িয়োঁ কা রিয়্যালিটি চেক’— ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত ১০ অক্টোবর, ২০২৬ থেকে কালার্স টিভি (Colors TV) এবং জিওহটস্টারে (JioHotstar) শুরু হয়েছে এই শো-এর দ্বিতীয় সিজন। সোনালি বেন্দ্রে এবং মুনাওয়ার ফারুকির সঞ্চালনায় প্রতি শনি ও রবিবার রাত ৯:৩০ মিনিটে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠানটি।
লতি সিজনে প্রতিযোগী হিসেবে যে ৭টি জনপ্রিয় সেলেব্রিটি জুটি অংশ নিয়েছেন, তাঁরা হলেন: অর্চনা পূরণ সিং এবং পারমিত শেঠি,শাব্বির আহলুওয়ালিয়া এবং কাঞ্চি কৌল,অর্জুন বিজলানি এবং নেহা স্বামী বিজলানি, রাহুল বৈদ্য এবং দিশা পারমার, মনোজ তিওয়ারি এবং সুরভী তিওয়ারি, দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া, এবং দীপিকা সিং ও রোহিত রাজ গোয়েল
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।