টলিপাড়ার শুটিং ফ্লোরে ফের নেমে এল শোকের ছায়া। কয়েক দিনের ব্যবধানে আরও এক কুশীলবের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ বিনোদন জগৎ। এবার দুর্ঘটনাটি ঘটেছে স্টার জলসার আসন্ন গেম শো ‘খেলো বাংলা’-র সেটে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সেট তৈরির কাজ চলাকালীন ফ্লেক্স লাগাতে গিয়ে উপর থেকে পড়ে প্রাণ হারান আর্ট বিভাগের কর্মী চন্দ্রকান্ত স্বাইন। পরপর এই ধরনের দুর্ঘটনায় ফের একবার শুটিং ফ্লোরে পর্দার আড়ালে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?
জানা গিয়েছে, আসন্ন গেম শো ‘খেলো বাংলা’-র সেট নির্মাণের কাজ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ফ্লেক্স লাগানোর সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান চন্দ্রকান্ত স্বাইন। গুরুতর আঘাত লাগার কারণেই তাঁর মৃত্যু হয়।
সূত্রের খবর, মৃত চন্দ্রকান্তের পরিবারে বাবা-মা এবং এক দাদা রয়েছেন।তাঁর দাদা সূর্যকান্তও আর্ট ডিপার্টমেন্টেই কাজ করেন। ঠিক কতটা উচ্চতা থেকে চন্দ্রকান্ত পড়ে যান কিংবা সেটে নিরাপত্তার কী ব্যবস্থা ছিল, তা এখনও স্পষ্ট নয়।
সাংবাদিক বৈঠকের পরদিনই বিপত্তি, নীরব চ্যানেল কর্তৃপক্ষ:
উল্লেখ্য, স্টার জলসার এই নতুন গেম শো ‘খেলো বাংলা’-র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনার ঠিক একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানের জোরকদমে প্রস্তুতি চলাকালীন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে বা ক্ষতিপূরণের কী ব্যবস্থা হবে, তা নিয়েও কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট নয়।
দিনকয়েক আগেই গ্যাংটকে প্রাণ হারিয়েছিলেন লাইট কর্মী পিন্টু মণ্ডল:
{{/usCountry}}দিনকয়েক আগেই গ্যাংটকে প্রাণ হারিয়েছিলেন লাইট কর্মী পিন্টু মণ্ডল:
{{/usCountry}}প্রসঙ্গত, এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই গ্যাংটকে একটি হিন্দি ছবি (‘মিশন মির্চি’)-র শুটিং চলাকালীন ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কলকাতার লাইট বিভাগের কর্মী পিন্টু মণ্ডল। গত ১৬ নভেম্বর লোকেশন বদলের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে পরদিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরে ফেডারেশনের উদ্যোগে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস পিন্টুর পরিবারকে ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়।
পিন্টু মণ্ডলের মৃত্যুর ক্ষত শুকোতে না শুকোতেই চন্দ্রকান্ত স্বাইনের এই অকালমৃত্যু বাংলা বিনোদন জগতের টেকনিশিয়ানদের সুরক্ষা ও কর্মপরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।