...
...
Next Story

স্যোশাল মিডিয়ার অন্ধকার দিকের ভয়াবহতা মাখা অরুণাভর 'কনটেন্ট'-এর টিজার! জুটিতে চমক দিলেন সৈকত-প্রেরণাও

টলিপাড়ার জনপ্রিয় মুখ অরুণাভ দে। ধারাবাহিক থেকে সিরিজ, বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। এবার সমাজমাধ্যম তথা কনটেন্ট ক্রিয়েশনের অন্ধকার দিকগুলি নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আসছেন। তাঁর ছবির নামও 'কনটেন্ট'।

Published on: May 18, 2026, 14:33:07 IST
Advertisement

করোনা পরবর্তী সময় বিনোদন জগতে বিরাট পরিবর্তন ঘটেছে। একটা সময় বিনোদন জগৎ বলতে বাংলা তথা ভারতে ছিল থিয়েটার, সিনেমা আর মেগা সিরিয়াল। তবে করোনা পরবর্তী সময় তা ব্যপক বদলেছে। এসেছে ওয়েব সিরিজ তারপর রিলের দুনিয়াতেও মানুষ ডুব দিয়েছে। বর্তমানে তো মাইক্রো ড্রামাও বেশ চর্চিত।

স্যোশাল মিডিয়ার অন্ধকার দিকের ভয়াবহতা মাখা অরুণাভর 'কনটেন্ট'-এর টিজার!
স্যোশাল মিডিয়ার অন্ধকার দিকের ভয়াবহতা মাখা অরুণাভর 'কনটেন্ট'-এর টিজার!

তবে মুঠোফোন হাতে নিয়ে সমাজমাধ্যমে কনটেন্ট বানানোর ফলে তা কেবল একটা ধারায় থেমে থাকেনি। নিজের কাজকে তুলে ধরা যেমন- নাচ, গান, আঁকা, আবৃত্তি, অভিনয়, রান্না, যে কোনও হাতের কাজের পাশাপাশি এসেছে লাইফস্টাইল ভ্লগ, ফুড ভ্লগের মতো বিষয়ও। সেখানেই কনটেন্ট ক্রিয়েটাররা সারাদিন কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন -সহ নানা কিছু তুলে তুলে ধরেন। তবে তাতেও থাকে নান্দনিকতার ছোঁয়া।

কিন্তু এর মধ্যেও রয়েছে ব্যতিক্রম। অনেকেই কটেন্টের নাম করে নানা অশালীন বিষয়বস্তু সমাজমাধ্যমে তুলে ধরছেন। বর্তমানে কনটেন্টের দুনিয়ায় এই অন্ধকার দিকগুলির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শুধু কী তাই এমনও অনেক ঘটনাও উঠে এসেছে বিগত কিছু বছরে যেখানে ভিডিয়োর রিচ কমে যাওয়ার জন্য আত্মহননের পথও বেছে নিতে দেখা গিয়েছে কনটেন্ট ক্রিয়েটারকে।

টলিপাড়ার জনপ্রিয় মুখ অরুণাভ দে। ধারাবাহিক থেকে সিরিজ, বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। এবার সমাজমাধ্যম তথা কনটেন্ট ক্রিয়েশনের অন্ধকার দিকগুলি নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আসছেন। তাঁর ছবির নামও 'কনটেন্ট'।

সেখানে দেখা গিয়েছে এই ছবির শুরুই হয়েছে রাজ্যে ২৬ হাজার শিক্ষকের কাজ যাওয়ার খবর ধরে। তারপরই দেখা মিলেছে প্রেরণা ও অরুনাভও। সেখানেও আলোচনায় 'কনটেন্ট'।

তারপর দেখা মেলে স্যোশাল মিডিয়ার জনপ্রিয় মুখ সৈকতের। তাঁর ও প্রেরণার জুটি সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। যদিও এখানে তাঁদের অভিনীত চরিত্রগুলিকে একেবারে অন্য মেজাজে দেখা যায়, কারও মুখ নেই হাসি। হাওয়ায় পোড়া সিগারেটের ধোঁয়া ছড়িয়ে দিচ্ছে প্রেরণা অভিনীত চরিত্র। তারপর কখনও সঙ্গে একগুচ্ছ ছেলে আর সকলের হাতে লাটি নিয়ে দেখা মিলছে সৈকতের। আবার কখনও তাঁর অভিনীত চরিত্রের ঠোঁটে ফুটে উঠেছে অবহেলা ভরা হাসি।

আয়নার সামনে মুখে মেকআপ করতে করতে ধরা দিয়েছেন প্রেরণা। তাছাড়াও কনটেন্ট ক্রিয়েশনের নানা দৃশ্য ফুটে উঠেছে। সঙ্গে একটি গানও নেপথ্যে বেজে চলেছে। আর সেখানে শোনা যাচ্ছে 'স্ক্রিপ্টে দম না থাকলে ক্যামেরার সামনে নেচে দেবে'।

তবে টিজার যত এগোতে থাকে ছবি তত বদলাতে থাকে। কনটেন্ট ক্রিয়েশন ও কনটেন্ট ক্রিয়েটারদের জীবনের অন্ধকার দিকগুলো আরও বেশি করে উঠে আসতে থাকে। শেষে দেখা যায় বিয়ের সাজে এক মাথা সিঁদুর নিয়ে চিৎকার করছে প্রেরণা অভিনীত চরিত্র। তারপর তার সামনে এসে দাঁড়াচ্ছে এক পুরুষ। নেপথ্যে তখন গানের কথায়, ‘তোমার আমার জীবনটা কনটেন্ট’ আর সঙ্গে পুলিশের গাড়ির শব্দ।

অরুনাভ ও তাঁর টিমের ‘কনটেন্ট’-এর এই টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘অনেক ভালো ভালো ‘কনটেন্ট’ দেখলেন, এবার একটু খারাপ ‘কনটেন্ট’ দেখুন।’ এই ছবিটি চলতি মাসেই মুক্তি পাবে। এর টিজার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe