বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে তোলপাড় সামাজিক মাধ্যম। বাংলাদেশে গিয়ে বিফ (গরুর মাংস) খেতে পছন্দ করেন তিনি, এমন প্রতিক্রিয়া জানিয়ে চরম কটাক্ষ ও ট্রোলের মুখে পড়েছেন এই প্রবীণ অভিনেতা। নেটিজেনদের একাংশ এমনকি তাঁকে বয়কট করা এবং AI দিয়ে তাঁকে জুতোর মালা পরানো ছবি পর্যন্ত চাউর করা হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে বর্ষীয়ান অভিনেতার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে নেটিজেনদের ক্ষোভের মুখে কড়া জবাব দিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-এর 'ঝিলিক' অর্থাৎ অভিনেত্রী তিথি বসু।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে ট্রোলকারীদের বিরুদ্ধে তোপ দাগেন তিথি। বিশ্বজিৎ চক্রবর্তীর সততার প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্বজিৎ আঙ্কেল একজন সিনিয়র অভিনেতা এবং মানুষ হিসেবে অসাধারণ। উনি নিজের সততা থেকে সত্যি কথাটা বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন বা খাবেন না, সেটা সম্পূর্ণ যাঁর যা ব্যক্তিগত পছন্দ।’
অভিনয় জগতের ভেতরের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিথি দাবি করেন, বিনোদন জগতের অনেকেই আড়ালে বা প্রকাশ্যে বিফ খেয়ে থাকেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের সিরিয়ালেই এমন অনেক ব্রাহ্মণ অভিনেতা ছিলেন, যাঁরা সেটে বসে বিফ নিয়ে গল্প করতেন। এমনকি কলকাতার অনেক বিখ্যাত জায়গায় যখন বিফ বিক্রি হতো, সেখানে বেশিরভাগ হিন্দুরাই যেতেন। ২০১০ সালের দিকে অনেক প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও চ্যানেলপ্রধানদেরও দেখেছি বিশেষভাবে বিফ খেতে যাওয়ার জন্য ছুটে যেতে।’
খাদ্যাভ্যাস নিয়ে ভণ্ডামির প্রতিবাদ জানিয়ে 'ঝিলিক' আরও বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর কথায়, ‘বাস্তবটা মেনে নেওয়া উচিত। প্রচুর মানুষ বিফ খায়। ইনফ্যাক্ট, মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়! যারা বলে খায় না, তাদের মধ্যেও অনেকেই হয়তো লুকিয়ে খায়। অনেকে তো ঘোমটার তলায় খেমটা নাচে, তা বলে তো আর তাদের বিচার করা যায় না।’
পরিশেষে নিজের বার্তা স্পষ্ট করে অভিনেত্রী জানান, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস তা একেবারেই তাঁর নিজস্ব বিষয় এবং তা অন্য কারও ওপর চাপিয়ে দেওয়া অনুচিত। মানুষ হিসেবে বিশ্বজিৎ চক্রবর্তী কতটা শ্রদ্ধেয় সেটাই মুখ্য বিষয় হওয়া উচিত মন্তব্য করে, অবিলম্বে তাঁর বিরুদ্ধে সমস্ত সাইবার আক্রমণ ও ট্রোল বন্ধ করার তীব্র দাবি জানান তিথি।