বলিউড অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে বড় খবর। মুম্বইয়ের জুহু এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাইকে চেপে আসা কয়েক জন দুষ্কৃতী অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় টাইগার নিরাপদ থাকলেও তাঁর গাড়ির চালক এবং এক অনুরাগী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। পোস্টটি গ্যাংস্টার অনিল পণ্ডিতের নামে প্রকাশিত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়।

তারকাদের লক্ষ্য করে গুলিচালনার ঘটনা অবশ্য নতুন নয়। গত কয়েক বছরে বলিউড এবং বিনোদনজগতের একাধিক পরিচিত মুখকে ঘিরে এমন ঘটনা সামনে এসেছে। সলমন খান থেকে রোহিত শেট্টি, দিশা পাটানি থেকে এলভিশ যাদব—একনজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি।
১. সলমন খান (এপ্রিল, ২০২৪)
তারকাদের উপর হামলার ঘটনাগুলির মধ্যে অন্যতম আলোচিত সলমন খানের বাড়ির সামনে গুলিচালনা। ২০২৪ সালের এপ্রিলে মোটরবাইকে চেপে আসা দুই ব্যক্তি মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে একাধিক রাউন্ড গুলি চালায়। পরে এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ সামনে আসে। এর পরেও সলমনকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে খবর।
২. রোহিত শেট্টি (ফেব্রুয়ারি, ২০২৬)
পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের জুহুতে অবস্থিত শেট্টি টাওয়ারের বাইরেও গুলিচালনার ঘটনা ঘটে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। অভিযোগ, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা পাঁচ রাউন্ড গুলি চালায়। ঘটনায় কারও প্রাণহানি না হলেও ভবনের প্রথম তলায় থাকা জিমের কাচ ভেঙে যায়। এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত শুভম লোনকার নিয়েছিল বলে দাবি করা হয়।
৩. দিশা পাটানি (আগস্ট, ২০২৫)
{{/usCountry}}৩. দিশা পাটানি (আগস্ট, ২০২৫)
{{/usCountry}}টাইগার শ্রফের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত অভিনেত্রী দিশা পাটানির পরিবারের বাড়ির বাইরেও গুলিচালনার ঘটনা ঘটে। ২০২৫ সালের আগস্টে উত্তরপ্রদেশের বরেলিতে তাঁর বাড়ির সামনে গুলি চালানো হয় বলে খবর। এই ঘটনার দায় রোহিত গোদারা ও গোল্ডি বরার গ্যাং নিয়েছিল বলে দাবি করা হয়েছিল।
৪. এলভিশ যাদব (২০২৫)
বিগ বস বিজয়ী ও ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির বাইরেও গুলিচালনার ঘটনা ঘটেছিল। এই হামলার দায় হিমাংশু ভাউ গ্যাং স্বীকার করেছিল বলে দাবি করা হয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
৫. কপিল শর্মা (২০২৫)
কমেডিয়ান কপিল শর্মার কানাডায় অবস্থিত ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’-র বাইরেও একাধিকবার গুলিচালনার ঘটনা সামনে আসে। রিপোর্ট অনুযায়ী, তিনটি পৃথক ঘটনায় ক্যাফেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। কপিলের শোয়ে এক বিতর্কিত অতিথিকে আমন্ত্রণ জানানোর পর এই ঘটনাগুলি ঘটে বলে দাবি করা হয়েছিল।
৬. এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়াল (২০২৩-২০২৪)
পাঞ্জাবি সংগীতজগতের দুই পরিচিত নাম এপি ঢিলোঁ ও গিপ্পি গ্রেওয়ালও গুলিচালনার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। কানাডায় এপি ঢিলোঁর বাড়ির বাইরে গুলিচালনার ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার অভিযোগ ওঠে। অন্যদিকে, সলমন খানের সঙ্গে বন্ধুত্বের কারণে গিপ্পি গ্রেওয়ালকে নিশানা করা হয়েছিল বলে দাবি করা হয়।