কম্পাস-এর নায়ক বিহানের চরিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্কপ্রভ রায়কে। সুদর্শন এই তরুণ সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তোমাদের রানী ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু অর্কপ্রভর। তবে শুক্রবার এমন একটি পোস্ট শেয়ার করলেন ছোট পর্দার নায়ক, যাতে নতুন করে ফের চর্চায় তিনি।

ধূমপান করার দুটি ছবি শেয়ার করেছেন অর্কপ্রভ। গায়ে বেগুনি রঙের সোয়েট শার্ট আর ডেনিম জিন্স। চোখে কালো সানগ্লাস। গলায় মাফলার। আর ছবির ক্যাপশনে লিখলেন, ‘আমি সিগারেট খাচ্ছি, আর অকাজো মানুষগুলোর মূল্যহীন মন্তব্যকে একটুও পাত্তা দিচ্ছি না।’ এরপর অর্কপ্রভ আরও লেখেন, ‘লে মুত দিয়া তেরে অপিনিয়ন পে’। যার বাংলা করলে দাঁড়ায়, ‘তোর মতামতে আমি প্রস্রাব করে দিলাম…’! স্পষ্টতই ট্রোলের উদ্দেশেই এহেন ক্যাপশন অর্কপ্রভর।
বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্রে কাজ করার আগে মুম্বই-ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছন অর্কপ্রভ। ‘কম্পাস’ নায়কের কেরিয়ার খুব বৈচিত্রে ভরা। বিয়ের বাড়ির ছবি তোলা থেকে শুরু করে সহকারী পরিচালক, জুনিয়র আর্টিস্ট হিসেবেও করেছেন কাজ। আর এখন সিরিয়ালের নায়ক।
যদিও টিআরপি রেটিংয়ের ভিত্তিতে এই মুহূর্তে কম্পাসের হাল বেশ খারাপ। এমনকী, সময়ও পরিবর্তন হয়েছে। নতুন মেগা 'বাবলি সুন্দরী' আসায়, পর্ণা ও অর্কপ্রভ অভিনীত ধারাবাহিকটি বিকেল ৬.০০টার জায়গায় বিকেল ৫.৩০টায় সম্প্রচারিত হচ্ছে।
'তোমাদের রানী' -তে 'দুর্জয়' চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন অর্কপ্রভ। আর এই ধারাবাহিকে তাঁর নায়িকা ছিলেন অভিকা মালাকার। এরপরই অর্কপ্রভর কাছে আসে ‘দুই শালিক’-এর কাজ। যাতে অভিনয় করেন তিতিক্ষা দাস, নন্দিনী দত্ত ও সায়ন বোস।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, মেগা সিরিয়ালের চাপে অবসর খুব কম পান। তবে যেদিন ছুটি থাকে সেদিন অনেকক্ষণ ঘুমান। গিটারে নতুন সুর তোলেন। টুকটাক লেখালেখিও চলে। সঙ্গে ছুটির দিনে ঘুরতে যেতেও খুব ভালোবাসেন। বন্ধুবান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়েন।