বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত অনস্ক্রিন জুটির অন্যতম দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের রসায়নে মাততে চলেছে টলিউড। এই পুজোয় ফিরছে দেব-শুভশ্রী জুটি। প্রাক্তন প্রেমকে কাজে লাগিয়ে ছবির প্রচারের অভিযোগ উঠছে দুজনের বিরুদ্ধে। তাতে অবশ্য কুছ পরোয়া নেই দেশু ভক্তদের। 'দেশু৭' (DeSu7)-এর প্রথম গান ‘তোর শুধু তোর’-এর টিজার প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ঝড় উঠেছে।

লাদাখের বুকে পুরোনো নস্টালজিয়া:
প্রকাশ্যে আসা টিজারে লাদাখের পাহাড়ি রূপকথার পটভূমিতে একে অপরের প্রেমে মগ্ন হতে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে। দেবের চোখের সানগ্লাস আর শুভশ্রীর আবেদনময়ী লুক মুহূর্তেই মনে করিয়ে দিচ্ছে ‘চ্যালেঞ্জ’ বা ‘পরান যায় জ্বলিয়া রে’-র সেই সোনালী দিনগুলোর কথা।
টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ ক্যাপশনের এই দুটো লাইন যেন কেবল ছবির কাহিনীর জন্যই নয়, বাস্তব জীবনেও তাঁদের দীর্ঘ কাজের যাত্রাকে ছুঁয়ে যায়।
দর্শকদের উত্তেজনা তুঙ্গে:
‘দেশু’ ভক্তদের জন্য এই গানটি নিঃসন্দেহে এক বিশাল উপহার। বহু বছর পর দুজনকে আবার একটি খাঁটি কমার্শিয়াল রোম্যান্টিক গানে এভাবে ঘনিষ্ঠভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুগামীরা। গানটির সুর ও দৃশ্যায়ন যে এই বছরের অন্যতম বড় 'লাভ অ্যান্থম' (Love Anthem) হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই প্রথম ঝলকেই।রাজ চক্রবর্তীর ঘরনী হিসেবে শুভশ্রী আজ সংসারী ও দুই সন্তানের মা, আর দেবও নিজের ব্যক্তিগত জীবনে রুক্মিণীর সঙ্গে থিতু। তবে পুরোনো প্রেমের আঁচ কি কোথাউ চাপা আছে? টিজার দেখে প্রশ্ন অনেকের।
‘এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব’, শুভশ্রীকে কথা দিয়েছেন দেব। টিজারের পর ছবির গানেও দেব-শুভশ্রী ম্যাজিক। দেবের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। দেব-শুভশ্রী ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।