...
...
Next Story

বক্স অফিসে রেকর্ড গড়েও গ্র্যামিতে ব্রাত্য ‘ধুরন্ধর ২’! ৮টি এন্ট্রি জমা দিয়েও শূন্য হাতেই ফিরল ছবি

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়লেও গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে জায়গা হল না রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর। ৮টি বিভাগে বিবেচনার জন্য নাম জমা পড়লেও ২০২৭ সালের গ্র্যামি মনোনয়নের তালিকায় ঠাঁই পেল না ছবির কোনও গান। তবে ভারতকে গর্বিত করে প্রথমবার গ্র্যামিতে মনোনয়ন পেল একটি তামিল গান।

Published on: Nov 17, 2026, 19:32:56 IST
Advertisement

বক্স অফিসে ঝড় তুলে একের পর এক রেকর্ড গড়েছিল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। শুধু ব্যবসার নিরিখেই নয়, ছবির গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এবার বড় ধাক্কা খেল এই ছবি। ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারল না ‘ধুরন্ধর ২’। বিবেচনার জন্য মোট আটটি বিভাগে ছবির গান জমা দেওয়া হলেও শেষ পর্যন্ত একটিও মনোনয়ন জোটেনি।

গ্র্যামিতে মনোনয়ন পেল না ধুরন্ধর। (hindustan)
গ্র্যামিতে মনোনয়ন পেল না ধুরন্ধর। (hindustan)

কোন কোন বিভাগে মনোনয়ন পেল না ছবি?

ছবির সুরকার শাশ্বত সচদেবের তৈরি সাউন্ডট্র্যাক ভারতে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু সেই জনপ্রিয়তা গ্র্যামির মঞ্চে প্রতিফলিত হল না। ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’, ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে ‘ফির সে’, ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে ‘জান সে গুজরতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’, পাশাপাশি ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে ‘আরি আরি’—কোনওটিই মনোনয়ন পেল না।

এখানেই শেষ নয়। ‘ওয়ারি জাভাঁ’ জমা দেওয়া হয়েছিল বেস্ট ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিং বিভাগে। ‘যাইয়ে সাজনা’ ছিল বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্সের দৌড়ে। ‘ডেস্টিনি-মন আটকেইয়া’ জমা পড়েছিল বেস্ট র‍্যাপ পারফরম্যান্স বিভাগে এবং ‘হাম পেয়ার করনে ওয়ালে’ ছিল বেস্ট রিমিক্সড রেকর্ডিংয়ের বিবেচনায়। কিন্তু শেষ পর্যন্ত কোনও গানই মনোনয়ন তালিকায় জায়গা করে নিতে পারেনি।

তামিল গানে ভারতের বড় প্রাপ্তি

‘ধুরন্ধর ২’ মনোনয়ন না পেলেও ভারতের জন্য রয়েছে সুখবর। তামিল গান ‘ভারুভাই’ জায়গা করে নিয়েছে বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগের মনোনয়ন তালিকায়। উল্লেখযোগ্য বিষয়, গ্র্যামির ইতিহাসে এই প্রথম কোনও তামিল গান এই বিভাগে মনোনয়ন পেল। ফলে ছবির ব্যর্থতার মধ্যেও ভারতীয় সংগীতের জন্য এটি নিঃসন্দেহে বড় প্রাপ্তি।

২০২৭ সালের গ্র্যামি মনোনয়নের তালিকায় সবচেয়ে বেশি বিভাগে জায়গা করে নিয়েছেন RAYE। তাঁর পরেই রয়েছেন রোজালিয়া এবং ইলা। অন্যদিকে, ইতিহাস গড়েছেন বিয়ন্সে। তাঁর ঝুলিতে গ্র্যামির মোট মনোনয়নের সংখ্যা পৌঁছেছে ১০০-তে। ‘মর্নিং ডিউ’-এর জন্য বেস্ট R&B সলো পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়ে এই নজির গড়েছেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭, লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।

‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস সাফল্য

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, রাকেশ বেদি এবং সারা অর্জুন-সহ একাধিক তারকা। প্রথম ছবিটি সুপারহিট হওয়ার পর দ্বিতীয় পর্ব বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্য পায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে ছবিটির আয় ১৩৭৫.৩৯ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ব্যবসার পরিমাণ ১৮১৩.৩৯ কোটি টাকা। এত বড় সাফল্যের পরেও গ্র্যামির মঞ্চে স্বীকৃতি না পাওয়া নিঃসন্দেহে অনুরাগীদের জন্য হতাশার খবর।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks