মিত্তির বাড়ি ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই ছোটপর্দায় তাঁকে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন অনুরাগীরা। মাঝে বড়পর্দায় ‘পাগলপ্রেমী’ হয়ে ধরা দেওয়ার কথা থাকলেও সেই প্রোজেক্ট এখন বিশ বাঁও জলে, ড্রয়িংরুমের দর্শকদের মন তো পড়েছিল টেলিভিশনের পর্দাতেই। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটালেন আদৃত রায়। নিজের জন্মদিনের দিনই টলিপাড়ায় সিলমোহর পড়ল তাঁর নতুন কাজের খবরে। স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কুমকুম’-এর হাত ধরে ফের একবার টিআরপি তালিকায় ঝড় তুলতে আসছেন আদৃত। আর এই বিশেষ দিনে নতুন প্রোজেক্ট নিয়ে নিজের উত্তেজনা চেপে রাখতে পারলেন না অভিনেতা।

‘জলসায় প্রথমবার আসছি...’:
কেরিয়ারের শুরু থেকেই জি বাংলার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন আদৃত। ‘নুরজাহান’ ছবি দিয়ে বড়পর্দায় ডেবিউ করলেও ছোটপর্দায় তাঁর ম্যাজিক শুরু হয়েছিল ‘মিঠাই’ দিয়ে, সিদ্ধার্থ মোদক চরিত্র তো ইতিহাস তৈরি করেছিল। তবে এবার আর পুরনো চ্যানেল নয়, কেরিয়ারে এই প্রথমবার প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসার পর্দায় পা রাখছেন তিনি। প্রসঙ্গত, আপতত কৌশাম্বিকে দেখা যাচ্ছে জলসার পর্দায়। গঙ্গা ধারাবাহিকে সাহেব-হিয়ার মাঝের কাঁটা তিনি। বউকে ফলো করে এবার স্টার জলসায় আদৃত।
নিজের জন্মদিনে এই নতুন সফর প্রসঙ্গে আদৃত জানান, ‘হ্যাঁ, জলসায় প্রথমবার আসছি। নতুন একটা টিম, নতুন গল্প। আগামিকাল (বুধবার) কুমকুমের প্রোমো আসবে’। জন্মদিনের দিন এই নতুন কাজের খবরটা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন নায়ক। তিনি আরও বলেন, ‘এতদিন ধরে দর্শকেরা যেভাবে আমাকে ভালোবেসে এসেছেন, এবারও তার ব্যতিক্রম হবে না।’
বাংলা টকিজের সাথে প্রথম কাজ:
টেলিপাড়ার অন্দরের খবর, এই ‘কুমকুম’ ধারাবাহিকটি বাংলা টকিজের ব্যানারে আসছে। আদৃতের বিপরীতে থাকছে নবাগতা নায়িকা অনুষ্কা। সঙ্গে থাকবেন ‘বাবুউ-র মা’ অরিজিতা মুখোপাধ্য়ায়।
জন্মদিনের সেলিব্রেশন ও কৌশাম্বীর আদর:
নতুন মেগার এই বড় ধামাকাকে পাশে সরিয়ে রেখে জন্মদিনের দিনটা অবশ্য বৃহত্তর পরিবারের সাথেই কাটাতে পছন্দ করেন আদৃত। মঙ্গলবার শহরের এক ক্য়াফেতে নিজের ব্য়ান্ড পোস্টার বয়েজের সঙ্গে পারফর্ম করলেন আদৃত। সেখানে হাজির ছিল তাঁর শুভাকাঙ্খীরা। স্ত্রী তথা অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও সামাজিক মাধ্যমে আদুরে শুভেচ্ছা জানান নায়ককে।
একদিকে জীবনের নতুন বসন্ত, অন্যদিকে কেরিয়ারের নতুন মেগা ‘কুমকুম’— সব মিলিয়ে আদৃত রায়ের জন্মদিনের এই ডাবল ধামাকা এখন নেটপাড়ার হট টপিক। এখন দেখার, জিজির ঘর ছেড়ে জলসার পর্দায় এসে আদৃতের এই ‘কুমকুম’ কতটা ভাগ্য ফেরাতে পারে এই তারকার!