...
...
Next Story

ফুটে উঠবে RSS-এর ১০০ বছরের যাত্রা! এল সঞ্জয় দত্তর ‘আখরি সাওয়াল’-এর ট্রেলার

সঞ্জয় দত্তের ‘আখরি সাওয়াল’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। রয়েছেন মিঠুন-পুত্র নমশি চক্রবর্তীও। এই সিনেমার গল্প মূলত আরএসএস-এর ১০০ বছরের যাত্রাকে কেন্দ্র করে তৈরি।

Published on: May 8, 2026, 18:38:34 IST
Advertisement

অবশেষে প্রকাশ্যে এসেছে আখরি সাওয়াল ছবির ট্রেলার। সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়ার পর আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত এই ছবি। প্রথমে ছবিটি ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেন্সর বোর্ডে আটকে যাওয়ায় সিনেমার রিলিজ পিছিয়ে যায়।

প্রকাশ্যে আখরি সাওয়াল-এর ট্রেলার।
প্রকাশ্যে আখরি সাওয়াল-এর ট্রেলার।

ছবির গল্পে দেখা যাবে এক প্রফেসর এবং তাঁর ছাত্রদের মধ্যে তীব্র বিতর্ক। সেই বিতর্কের মাধ্যমে ভারতের ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হচ্ছে। ট্রেলারে ইতিহাস, রাজনীতি এবং মতাদর্শের সংঘর্ষকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।

কী দেখানো হয়েছে ‘আখরি সওয়াল’-এর ট্রেলারে

ট্রেলারের শুরুতেই উঠে আসে ভারতের জরুরি অবস্থার প্রসঙ্গ। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার শোনা যায়, ‘১৯৭৫ নিয়ে কী বলবেন? ইমারজেন্সি?’

এরপর পর্দায় সেই সময়ের সংবাদপত্রের কাটিং এবং পুরনো ফুটেজ দেখানো হয়। সেখানে ইন্দিরা গান্ধীর কণ্ঠে শোনা যায়, ‘ভাই ও বোনেরা, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছেন।’

এরপর ভয়েস ওভার চলতে থাকে— ‘আপনাদের নেতারা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখছিলেন। ১৯৯২, বাবরি মসজিদ? যদি আরএসএস এত শান্তিপূর্ণ এবং সমাজসেবী সংগঠন হয়, তাহলে সেই দিন ওদের লোকেরা গম্বুজে উঠেছিল কেন? আজ আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই হবে প্রফেসর, যে কোনও মূল্যে।’

এরপর সঞ্জয় দত্তকে বলতে শোনা যায়, ‘এই ডিবেট-টিবেট বাইরের চিন্তাভাবনা ভিকি। ডিবেট মানে বিতর্ক। ভারত বিতর্কে নয়, সংলাপে বিশ্বাস করে। কনস্ট্রাকটিভ ডিসকাশনে বিশ্বাস করে।’ অন্যদিকে সমীরা রেড্ডি বলেন, ‘সত্যকে শুধু বর্ণনা করা হয় না, ন্যারেটিভও তৈরি করা হয়।’

ট্রেলারে আরও একটি সংলাপ বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে সঞ্জয় দত্ত বলেন, ‘ভালোই হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। আজকের তথাকথিত লেফটিস্টরা যদি তখন থাকত এবং শুনত যে আফজল খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন শিবাজি, তাহলে হ্যাশট্যাগ চালু হয়ে যেত— 'শিবাজি কি আত্মসমর্পণ করতে চলেছেন'?’

কী নিয়ে ছবির গল্প

ছবির গল্প মূলত আরএসএস-এর ১০০ বছরের যাত্রাকে কেন্দ্র করে তৈরি। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে ঘিরে প্রশ্ন তোলা হয়েছে ছবিতে। ভিকি নামে এক গবেষক আরএসএস-কে নিয়ে একটি থিসিস তৈরি করে। কিন্তু তাঁর প্রফেসর গোপাল নাডকর্ণী সেই থিসিস খারিজ করে দেন। এরপর শুরু হয় দু’জনের মধ্যে এক তীব্র অ্যাকাডেমিক বিতর্ক, যা ধীরে ধীরে বড় আকার নেয়। বিষয়টি পৌঁছে যায় সংবাদমাধ্যম এবং টেলিভিশন ডিবেটেও।

এরপর কলেজের অন্যান্য ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলও এই বিতর্কে জড়িয়ে পড়ে। ফলে গল্প আরও জটিল এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

ছবির তারকা কাস্ট

ছবিতে সঞ্জয় দত্ত অভিনয় করেছেন প্রফেসর গোপাল নাডকর্ণীর চরিত্রে। নমশি চক্রবর্তী রয়েছেন তাঁর ছাত্র ভিকি হেগড়ের ভূমিকায়। এছাড়া অমিত সাধ অভিনয় করেছেন আদিত্য রাও চরিত্রে। সমীরা রেড্ডি রয়েছেন প্রফেসর পল্লবী মেননের ভূমিকায় এবং নীতু চন্দ্রা অভিনয় করেছেন কাব্য রাওয়াতের চরিত্রে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe