...
...
Next Story

Vaibhav Sooryavanshi: ২২ গজের বিস্ময় বালক এবার রুপোলি পর্দায়? বৈভব সূর্যবংশীকে নিয়ে কী ইচ্ছে শেখরের?

আইপিএল-এর বাইশ গজে বোলারদের ঘুম উড়িয়ে দেওয়া ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী! শেখর কাপুর স্পষ্ট জানিয়েছেন, তাঁর আসন্ন ছবির জন্য পারফেক্ট কাস্টিং বৈভব!

Published on: May 31, 2026, 20:17:24 IST
Advertisement

আইপিএল ২০২৬-এর মঞ্চে নিজের ব্যাট দিয়ে রীতিমতো আগুন জ্বালিয়েছেন ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেট সেনসেশন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে এই মরশুমে ১৬টি ম্যাচে খেলে ওঁর ঝুলিতে এসেছে রেকর্ড ৭৭৬ রান। বৈভবের এই অতিমানবীয় পারফরম্যান্সের পর থেকেই ভারতীয় জাতীয় ক্রিকেট দলে ওঁর অভিষেকের দাবি দিন দিন জোরালো হচ্ছে। আর এরই মাঝে বাইশ গজের এই বিস্ময় বালককে নিয়ে এক মস্ত বড় এবং চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন পদ্মভূষণজয়ী প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেট দুনিয়া যদি এই কিশোরকে কেড়ে না নিত, তবে ওঁর আগামী ছবিতে বৈভবকেই প্রধান চরিত্রে কাস্ট করতেন তিনি!

২২ গজের বিস্ময় বালক এবার রুপোলি পর্দায়? বৈভব সূর্যবংশীকে নিয়ে কী ইচ্ছে শেখরের? (PTI)
২২ গজের বিস্ময় বালক এবার রুপোলি পর্দায়? বৈভব সূর্যবংশীকে নিয়ে কী ইচ্ছে শেখরের? (PTI)

যদি ও এমন চাঞ্চল্যকর ক্রিকেটার না হতো...! শেখরের পোস্ট ভাইরাল

শনিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তরুণ ক্রিকেটার বৈভবের একটি ছবি শেয়ার করে শেখর কাপুর এক বিস্ফোরক পোস্ট করেন। তিনি লেখেন, যদি সূর্যবংশী এমন একজন চাঞ্চল্যকর ও প্রতিভাবান ক্রিকেটার না হতো... তবে আমি ওকে আমার মাসুম সিনেমাতে কাস্ট করতে পারতাম।

পরিচালকের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, বিহার থেকে উঠে আসা এই ক্রিকেটারের নিষ্পাপ চাহনি শেখর কাপুরের মাসুম-এর আবেগময় জগতের সঙ্গে হুবহু মিলে যায়। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএল-এর ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডেবিউ করে ইতিহাস গড়েছিলেন বৈভব। আর এবার আইপিএল ২০২৬ কাঁপানোর পর খোদ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরও বৈভবকে টেস্ট ক্রিকেটে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। মুম্বইয়ের এক অনুষ্ঠানে শচীন বলেন, ও অত্যন্ত আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়। আমি ওঁর স্বাভাবিক খেলার ধরনে কোনো হস্তক্ষেপ করতে চাই না। ও যেভাবে বল দেখে শট খেলে, ওকে সেই স্বাধীনতা দেওয়া উচিত। শুধু তাই নয়, আসন্ন এশিয়ান গেমসের জন্য বিসিসিআই (BCCI) যে ৩০ জনের সম্ভাব্য তালিকা তৈরি করেছে, সেখানেও জায়গা করে নিয়েছেন বৈভব।

সিনেমাপ্রেমীদের কাছে ১৯৮৩ সালের মাসুম একটি কালজয়ী নাম, যা ছিল পরিচালক হিসেবে শেখর কাপুরের প্রথম ছবি। এরিক সেগালের বিখ্যাত উপন্যাস ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড-এর ওপর ভিত্তি করে তৈরি সেই ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, সুপ্রিয়া পাঠকের মতো তারকারা। শিশুশিল্পী হিসেবে ডেবিউ করেছিলেন উর্মিলা মাতণ্ডকর এবং জুগল হংসরাজ।

এবার সেই কালজয়ী ছবির এক আধুনিক রিইম্যাজিনেশন বা নতুন সংস্করণ নিয়ে ফিরছেন শেখর কাপুর। ছবির নাম মাসুম: দ্য নিউ জেনারেশন। পরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে আমার মনে হচ্ছিল যে আজকের আধুনিক বিশ্বের দৃষ্টিকোণ থেকে মাসুম-এর থিমটিকে পুনরায় অন্বেষণ করা দরকার। বর্তমান যুগে পরিবার, সম্পর্ক ও পরিচয় অনেকটাই বদলে গিয়েছে এবং সিনেমারও উচিত তার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। আর এই নতুন সফরের সঙ্গীত পরিচালক ও ক্রিয়েটিভ পার্টনার হিসেবে অস্কারজয়ী এ আর রহমান যুক্ত থাকায় এই প্রজেক্ট আরও অর্থপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শেখর।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe