স্টুডিয়োপাড়ায় একটা কথা প্রচলিত আছে— ‘শুটিং করলে আর পড়াশোনা হয় না।’ কিন্তু সেই প্রচলিত ধারণাকে স্রেফ নস্যি করে দিলেন অভিনেত্রী রেঁনেসা দত্ত। স্টার জলসার জনপ্রিয় মেগা ‘সংসারের সংকীর্তন’-এ অভিনয় করার পাশাপাশি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। ফল প্রকাশের পর দেখা গেল, ৯৬.৪৭ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন রেঁনেসা। তবে এই সাফল্যের পথটা গোলাপ বিছানো ছিল না।

মায়ের জেদ আর নির্ঘুম রাত:
ফেসবুকে নিজের রেজাল্টের কথা জানিয়ে আবেগঘন এক পোস্ট করেছেন রেঁনেসা। সেখানে তিনি জানিয়েছেন, কম্পিউটার সাবজেক্ট ছাড়া তাঁর কোনও গৃহশিক্ষক ছিল না। শুটিংয়ের চাপে দিনের বেলা বই খোলার ফুরসত মিলত না। রেঁনেসা লিখেছেন, ‘কীভাবে শুটিং করে এইচএস দিয়েছি সেটা শুধু আমি জানি। সারারাত না ঘুমিয়ে ২/৩ রাত পড়ে জাস্ট পরীক্ষা দিয়েছি।’ তাঁর এই লড়াইয়ের প্রধান কাণ্ডারি ছিলেন তাঁর মা। মায়ের অনুপ্রেরণা আর নিজের অদম্য জেদই তাঁকে এই অভাবনীয় সাফল্যে পৌঁছে দিয়েছে।
ইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব:
শুটিং ফ্লোরের ব্যস্ততার মাঝে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনেকেই বাঁকা কথা শুনিয়েছিলেন তাঁকে। রেঁনেসা জানিয়েছেন, অনেকে বলতেন শুটিং করে পড়াশোনা করা সম্ভব নয়। কিন্তু রেজাল্ট হাতে পাওয়ার পর রেঁনেসা প্রমাণ করে দিলেন, ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই বাধা নয়। তাঁর এই সাফল্যে খুশি সহকর্মী থেকে শুরু করে অনুরাগী— সকলেই।
ভবিষ্যতের স্বপ্ন:
{{/usCountry}}ভবিষ্যতের স্বপ্ন:
{{/usCountry}}আপাতত নিজের রেজাল্টে দারুণ খুশি রেঁনেসা। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভক্তদের কাছে আশীর্বাদ চেয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও ভালো কাজ করতে চান তিনি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান এই মেধাবী অভিনেত্রী।
টলিউডের তরুণ প্রজন্মের কাছে রেঁনেসা এখন এক বড় অনুপ্রেরণা। গ্ল্যামার আর মেধার এই যুগলবন্দি আগামী দিনে তাঁকে আরও অনেক দূর নিয়ে যাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সংসার সংকীর্তণ ধারাবাহিকে কল্যাণীর চরিত্রে দর্শক দেখছে রেঁনেসাকে। এর আগে পুতুল টিটিপি কিংবা গাঁটছড়ার মতো মেগা সিরিয়ালেও দেখা মিলেছে তাঁর।