কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়-এর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়-এর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও সঙ্গীতমহলে। আজ তাঁর প্রয়াণের সঙ্গেই দীর্ঘ পাঁচ দশকের এক সুন্দর দাম্পত্য পথচলার অবসান ঘটল। জয়ন্ত মুখোপাধ্যায়ের বিদায়ের এই শোকাবহ মুহূর্তে নতুন করে ফিরে আসছে মৌসুমীর সঙ্গে তাঁর সেই রূপকথার মতো বিয়ে ও সম্পর্কের অজানা গল্প।

অবাক করার মতো বিষয় হলো, মৌসুমী যখন মাত্র পঞ্চম শ্রেণিতে (ক্লাস ফাইভ) পড়তেন, তখনই দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের পাকা কথা হয়ে গিয়েছিল। আর মাত্র ১৫ বছর বয়সেই হেমন্ত-পুত্র জয়ন্তের গলায় মালা দিয়েছিলেন তিনি।
পিসির শেষ ইচ্ছে রাখতেই তড়িঘড়ি বিয়ে:
বলিউডে পা রাখার আগেই বিবাহিত জীবন শুরু করেছিলেন মৌসুমী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই ফাঁস করেছিলেন এত কম বয়সে বিয়ের পিঁড়িতে বসার নেপথ্য কাহিনি। মৌসুমীর আসল নাম ছিল ইন্দিরা চট্টোপাধ্যায়। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ঠাকুরদা ছিলেন বিচারক। বাবার বড় দিদি অর্থাৎ মৌসুমীর পিসি ছিলেন বাবার অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত, সেই পিসি ক্যানসারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছে ছিল আদরের ভাইঝি মৌসুমীর বিয়ে দেখে যাওয়া।
পিসির সেই অন্তিম ইচ্ছেকে সম্মান জানাতেই এগিয়ে আসেন মৌসুমীর শ্বশুরমশাই, স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর পরামর্শেই দ্রুত বিয়ের আয়োজন করা হয়। মৌসুমীর কথায়, ‘আমার বাবার বড় দিদি ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। তাঁর শেষ ইচ্ছে ছিল আমার বিয়ে দেখা। তাই আমার শ্বশুরমশাই পরামর্শ দেন যে বিয়েটা হয়ে যাওয়াই উচিত। বিয়ের জন্য আমি এমনকি আমার স্কুলের পরীক্ষাও দিইনি। ঠিক সেই সময়েই আমার কাছে সিনেমার প্রস্তাবও আসে। যেন সবকিছু নিজে থেকেই সুন্দরভাবে মিলে যাচ্ছিল।’
সংসার ও স্টারডমের সমান্তরাল পথচলা:
{{/usCountry}}সংসার ও স্টারডমের সমান্তরাল পথচলা:
{{/usCountry}}মাত্র ১৫ বছর বয়সে জয়ন্ত মুখোপাধ্যায়ের হাত ধরে নতুন জীবন শুরু করেন মৌসুমী, আর ১৮ বছর বয়সেই মা হন তিনি। সংসার ও মাতৃত্ব সামলানোর পাশাপাশি অভিনয় জগতেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেন— আর এই পুরো যাত্রায় ছায়াসঙ্গী হয়ে পাশে ছিলেন জয়ন্ত।
১৯৬৯ সালে বাংলা ছবি ‘পরিণীতা’-র মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর, ১৯৭২ সালে ‘অনুরাগ’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে মৌসুমীর। এরপর ‘রোটি কাপড়া অউর মকান’, ‘বেনাম’, ‘স্বর্গ নরক’, ‘মাং ভরো সাজনা’-র মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে সত্তরের দশকের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত (Highest-Paid) অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু কেরিয়ার নিয়ে কোনওদিন উচ্চাকাঙ্খী ছিলেন না মৌসুমী। সংসার, সন্তান ছিল তাঁর জীবনের প্রায়োরিটি। তাই বলিউডে একের পর এক সাফল্যও কোনওদিন তাঁর মাথা ঘুরিয়ে দেয়নি।
দুই মেয়ে জয়ন্ত-মৌসুমীর। বড় মেয়েকে আগেই হারিয়েছেন মৌসুমী। আজ জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে গেল সেই দীর্ঘ সময়ের অটুট বন্ধন। সদাহাস্যময় মৌসুমীর জীবনে নেমে এল বৈধব্য় যন্ত্রণা। শোকস্তব্ধ পরিবার ও অনুরাগী মহলে এখন কেবলই স্মৃতিচারণ।