...
...
Next Story

Hrithik-Sussanne: ‘সব সময় তোমার পাশে আছি…’, ডিভোর্সের পরও টান কমেনি, প্রাক্তন বউ সুজানের জন্য লিখলেন হৃতিক

বিয়ে ভেঙেছে ১২ বছর আগে। তবে প্রাক্তন স্ত্রীর প্রতি টান একবিন্দুও কমেনি হৃতিকের। নিজের দুই সন্তানের মা সুজানের জন্মদিনে আবেগঘন বার্তা নায়কের।

Published on: Oct 29, 2026, 11:00:38 IST
Advertisement

১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৪ সালে আলাদা হয়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)। তবে বিচ্ছেদের পরও তাঁদের পরিপক্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বরাবরই বলিপাড়ায় এক অনন্য নজির গড়েছে। বিশেষ দিনে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হোক কিংবা পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি— তাঁরা প্রমাণ করেছেন বন্ধুত্বের কোনো মেয়াদ হয় না। এবার প্রাক্তন স্ত্রী সুজানের জন্মদিনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে একটি দীর্ঘ ও হৃদয়স্পর্শী পোস্ট করলেন হৃত্বিক।

‘সব সময় তোমার পাশে আছি…’, ডিভোর্সের পরও টান কমেনি, সুজানের জন্য লিখলেন হৃতিক
‘সব সময় তোমার পাশে আছি…’, ডিভোর্সের পরও টান কমেনি, সুজানের জন্য লিখলেন হৃতিক

জন্মদিনের আদুরে ও আবেগঘন বার্তা:

ইনস্টাগ্রামে সুজানের সঙ্গে বেশ কিছু সুন্দর ছবি এবং তাঁদের দুই ছেলে রেহান হৃদানের সঙ্গে একটি পারিবারিক ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিয়েছেন ‘গ্রিক গড’। পোস্টের ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা একটু দেরিতে এল, তবে একেবারে মন থেকে বলছি। শুভ জন্মদিন সুজান। আমার প্রার্থনা এই বছরটি যেন তোমার জীবনে সেই সমস্ত ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরী মুহূর্তগুলো নিয়ে আসে, যা তুমি অন্যদের অত্যন্ত সুন্দরভাবে বিলিয়ে দাও।’

সুজানের লড়াই ও কাজের প্রশংসা করে হৃত্বিক আরও যোগ করেন, ‘তুমি যেভাবে জীবনটা কাটিয়েছ, প্রতিকূলতার মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষটিতে পরিণত হয়েছ—তাতে আমি ভীষণ গর্বিত। সত্যিই, তোমার মধ্যে তোমার মায়ের আত্মাই বেঁচে রয়েছে।’

সুজানকে ‘সেরা মা’ তকমা ও সাবার প্রতিক্রিয়া:

সেরা মা ও ‘দ্য চারকোল প্রজেক্ট’: দুই ছেলে রে (রেহান) ও রিডজ (হৃদান)-এর সেরা মা হিসেবে সুজানকে ধন্যবাদ জানিয়ে হৃত্বিক লিখেছেন, ‘ছেলেদের জীবনে তুমি এমন এক পজিটিভ আলোর উৎস, যে কখনো জীবনের উজ্জ্বল দিকটা দেখতে ক্লান্তি বোধ করে না। বাবা (রাকেশ রোশন) যেমন বলেন, ‘আমাজিং ইজ হোয়াট আমাজিং ডাজ!’ তুমি সত্যিই দারুণ সব কাজ করো। তোমার স্বপ্নের ‘দ্য চারকোল প্রজেক্ট’ বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে পড়ুক। আমি সব সময় তোমার চিয়ারলিডার হয়ে পাশে আছি।’

ব্যক্তিগত জীবন ও বর্তমান সমীকরণ:

২০০০ সালে দীর্ঘ চার বছর ডেটিংয়ের পর বিয়ে করেছিলেন হৃত্বিক ও সুজান। বিচ্ছেদের পর দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। বর্তমানে সুজান ডেট করছেন আরসলান গনিকে। অন্যদিকে, ২০২২ সাল থেকে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃত্বিক এবং বিভিন্ন অবকাশ যাপনের ছবি তাঁরা প্রায়ই অনুরাগীদের সাথে শেয়ার করেন। কাজের ফ্রন্টে, হৃত্বিককে সম্প্রতি অয়ান মুখোপাধ্যায়ের পরিচালনায় যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘ওয়ার ২’ (War 2)-এ জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণীর সঙ্গে দেখা গিয়েছে। খুব শীঘ্রই ‘কৃষ ৩’ (Krrish 3)-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks