ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের 'বরবাদ' ভালো সাড়া ফেলেছিল বক্স অফিসে। এই পরিচালক-অভিনেতা জুটির নতুন প্রজেক্ট ঘিরে নেটপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। মেগা হিট 'বরবাদ'-এর পর এই জুটির নতুন সিনেমা নিয়ে একের পর এক গুঞ্জন ছড়াচ্ছে— খবর রটেছে ছবিতে শাকিবের বিপরীতে ফের দেখা যেতে পারে এপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল-কে, চর্চা সেই ছবির নাম নাকি ‘নিঃস্ব’! এবার এই সমস্ত গুঞ্জন ও জল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক মেহেদী হাসান হৃদয় নিজেই।

নায়িকা কি ফের ইধিকা পাল?
নতুন ছবির নায়িকা নিয়ে বাংলাদেশের ঢাকা মেইলকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক মেহেদী হাসান হৃদয় স্পষ্ট জানান, ‘সত্যি বলতে নায়িকার ব্যাপারে এখনও পর্যন্ত কারও সঙ্গে কথা হয়নি। নির্দিষ্ট করে না বললেও চার-পাঁচ দিনের মধ্যে জানাতে পারব কে কে হতে পারে ছবিটির নায়িকা। কয়েকজনকে নিয়ে ভাবছি। ইধিকাও মাথায় আছেন।’
পরিচালক আরও জানান যে, বাংলাদেশ নাকি কলকাতা— কোন ইন্ডাস্ট্রি থেকে নায়িকা নেওয়া হবে, সে বিষয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৪-৫ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সবকিছু প্রকাশ করা হবে। তবে সূত্রের খবর, শাকিবের সঙ্গে জুটি বাঁধতে এগিয়ে রয়েছেন ইধিকাই।
ছবির নাম কি সত্যিই 'নিঃস্ব'?
প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন-এর এই নতুন প্রজেক্টের নাম ‘নিঃস্ব’ হতে চলেছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি খারিজ করে দিয়েছেন পরিচালক। হৃদয় বলেন, ‘বিষয়টি কীভাবে ছড়ালো বুঝতে পারছি না। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিনেমাটির কোনো নাম চূড়ান্ত হয়নি।’ আপাতত সিনেমাটির চিত্রনাট্যের কাজ পুরোদমে চলছে।
শুটিং ও মুক্তির দিনক্ষণ
{{/usCountry}}শুটিং ও মুক্তির দিনক্ষণ
{{/usCountry}}চলতি বছরের অক্টোবর মাস থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ শুরু হবে।আগামী বছর খুশির ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
ব্যস্ত নায়িকা ইধিকা
ছোট পর্দার নায়িকা হিসাবে কেরিয়ার শুরু ইধিকার। শাকিবের প্রিয়তমা হয়ে সাড়া ফেলেন তিনি। পরবর্তীতে দেবের খাদানে দেখা মিলেছে তাঁর। আপতত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন গোয়েন্দা ছবির নায়িকা ইধিকা। শোনা যাচ্ছে, দেশু৭-এও থাকতে পারেন তিনি। এর মাঝেই ফের শাকিবের সঙ্গে তাঁর জুটি বাঁধার খবরে হইচই।
'বরবাদ'-এর ইন্ডাস্ট্রি হিট সাফল্য
উল্লেখ্য, গত রোজার ঈদে মুক্তি পাওয়া 'বরবাদ' সিনেমাটি বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল এবং 'ইন্ডাস্ট্রি হিট' তকমা পেয়েছিল। নতুন প্রজন্মের পরিচালক মেহেদী হাসান হৃদয় এই সিনেমায় শাকিব খানকে একদম ভিন্ন ও দুর্দান্ত অবতারে উপস্থাপন করে দর্শকমহল মাতিয়ে দিয়েছিলেন। সেই ছবিতে শাকিবের সঙ্গে ইধিকা পালের জুটিও দর্শকরা ভীষণ পছন্দ করেছিলেন। তাই তাঁদের নতুন প্রজেক্ট নিয়ে শাকিবিয়ানদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া!