শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে '১৯৪২ এ লাভ স্টোরি'। বহু বছরের পুরনো এই ছবি বড় পর্দায় আবার মুক্তি পাওয়ায় খুশি দর্শকরা। এই সিনেমার মুক্তি প্রসঙ্গে ভারতীয় ছবির গানের প্রতি নতুন প্রজন্মের ক্রমবর্ধমান অস্বস্তিকর বিষয়টি তুলে ধরেছেন জাভেদ আখতার। ১৯৯৪ সালের এই সিনেমার বেশ কয়েকটি হিট গানের গীতিকার জাভেদ আখতার জানান, চলচ্চিত্র এবং সংগীত ভারতের সংগীত জগতে ভীষণভাবে প্রভাব ফেলছে, যা ভীষণ লজ্জার।
ভারতের সঙ্গীতে পশ্চিমী প্রভাবকে ‘অস্বস্তিকর’ বললেন জাভেদ আখতার
গীতিকার বলেন, এখন যারা পশ্চিমী সিনেমা দেখে ফেলেছেন, তাদের মধ্যে একটা নতুন প্রশ্ন জেগেছে যে ভারতীয় ছবিতে এত গান কোথা থেকে আসে? নতুন প্রজন্ম মনে করছে বাস্তবসম্মত নয় এত গান থাকা। সিনেমার দৃশ্যে পার্টিতে দাঁড়িয়ে থাকা একজন নায়ক গান গাইছে মানেই তাকে মেকি দেখাচ্ছে সেটা নয়। যদি মেকি লাগে, তো কি করা যাবে? শিল্প কি সবকিছু আসল দেখায়?
জাভেদের মতে, একটি গান আকর্ষণীয় হতে পারে বা সকলকে মুগ্ধ করতে পারে। ভালো অনুভূতি বা সৌন্দর্যবোধ দিতে পারে। এটাই গানের আসল মূল্য নির্ধারণ করে। এখন গান হয় অর্থহীন না হলে গানের মধ্যে অন্যরকম অর্থ থাকে। মাঝামাঝি অর্থপূর্ণ কোন গান এখন আর তৈরি হয় না।
বর্তমান প্রজন্মের গীতিকার বা সংগীত পরিচালকদের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি গান তখনই সুন্দর হয়ে ওঠে যখন গল্পের সঙ্গে তার সরাসরি সম্পর্ক থাকে। ছবির গানের মধ্যে গল্পের প্রতিফলন থাকা খুব দরকার। তবেই একটি গান সেই সিনেমার অবিচ্ছেদ অংশ হয়ে উঠবে।