দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাবিং সংস্করণের জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তার এক অবিশ্বাস্য নজির তৈরি হল বিশ্বমঞ্চে। কোরিয়ার গায়ক সাই (PSY)-এর ‘গ্যাঙ্গনাম স্টাইল’ মিউজিক ভিডিওটি ইউটিউবের ইতিহাসে প্রথম ১০০ কোটি ভিউজের মাইলফলক ছুঁয়েছিল, ঠিক তেমনি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের ক্ষেত্রে এই প্রথম পৃথিবীর কোনো সিনেমা ইউটিউবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ভিউজ পাওয়ার অনন্য বিশ্বরেকর্ড গড়ল।

আশ্চর্যের বিষয় হলো, এই রেকর্ডটি কোনো অস্কারজয়ী বা হাজার কোটি টাকার ব্লকবাস্টার ছবির ঝুলিতে যায়নি। ২০১৭ সালে সিনেমা হলে মুক্তি পাওয়া এবং বক্স অফিসে মুখ থুবড়ে পড়া তেলুগু ছবি ‘জয়া জানকী নায়কা’ (Jaya Janaki Nayaka)-র হিন্দি ডাবড সংস্করণ ‘খুনখার’ (Khoonkhar) এই অবিশ্বাস্য ইতিহাস রচনা করেছে। ছবির পরিচালক বোয়াপাতি শ্রীনু নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করে আনন্দ প্রকাশ করেছেন।
‘১০০ কোটি আবেগ, ১টি সিনেমা’— আপ্লুত পরিচালক
পেন মুভিজ (Pen Movies)-এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ প্রায় ৭ বছর আগে আপলোড করা হয়েছিল ‘খুনখার’। অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস এবং রাকুল প্রীত সিং অভিনীত এই অ্যাকশন-ড্রামাটি অলক্ষ্যেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছে।
এই বিশ্বরেকর্ডের খবরটি শেয়ার করে পরিচালক বোয়াপাতি শ্রীনু তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘১ বিলিয়ন ভিউজ। ১০০০ মিলিয়ন হৃদয়। ১০০ কোটি আবেগ। ১টি মাত্র সিনেমা। পৃথিবীর প্রথম সিনেমা হিসেবে এই অবিশ্বাস্য মাইলফলক অর্জন করার গৌরব মিলল। ‘জয়া জানকী নায়কা’ (খুনখার)-কে একটি চিরন্তন উদযাপনে পরিণত করার জন্য আপনাদের ধন্যবাদ। এই মাইলফলকটি আপনাদের প্রত্যেকের। আপনাদের এই সীমাহীন ভালোবাসা এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
বক্স অফিসে চরম লোকসান, ইউটিউবে পুনর্জন্ম!
{{/usCountry}}বক্স অফিসে চরম লোকসান, ইউটিউবে পুনর্জন্ম!
{{/usCountry}}বিলাসবহুল সেট এবং হাই-ভোল্টেজ অ্যাকশনে ভরপুর এই ছবিটি যখন ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তখন দর্শক ও সমালোচকদের কাছ থেকে তীব্র নেতিবাচক রিভিউ পেয়েছিল।
৪০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি বিশ্বজুড়ে মাত্র ২০ কোটি টাকা আয় করেছিল। ছবিটির ব্যর্থতার কারণে ডিস্ট্রিবিউটরদের প্রায় ৮ কোটি টাকারও বেশি লোকসান সহ্য করতে হয়েছিল।
কিন্তু হিন্দি বলয়ের দর্শকদের কাছে ইউটিউবের হাত ধরে এই ফ্লপ ছবিটিই এক নতুন জীবন ফিরে পায়। ছবিতে গগন (শ্রীনিবাস) ও সুইটি (রাকুল প্রীত)-র প্রেম এবং ভিলেনদের হাত থেকে নায়িকাকে বাঁচানোর মারকাটারি অ্যাকশন দৃশ্যগুলো হিন্দি দর্শকেরা গোগ্রাসে গিলেছেন। রাম পোথিনেনি বা অল্লু অর্জুনের ছবির মতোই শ্রীনিবাসের এই ছবিটিরও এক অভূতপূর্ব পুনর্জন্ম ঘটেছে ওটিটি-র এই যুগে।
অল্লু অর্জুনের ‘সাররাইনডু’ হাতছাড়া করল এই প্রথম স্থান
ইউটিউব রেকর্ড বুক বলছে, অল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘সাররাইনডু’ (Sarrainodu)-র হিন্দি ডাব সংস্করণটিই হয়তো বিশ্বের প্রথম ১০০ কোটি ভিউজ পাওয়া সিনেমা হতে পারত। কারণ ওই ভিডিওটিতে কয়েকশো মিলিয়ন ভিউজ চলে এসেছিল, কিন্তু কোনো আইনি বা প্রযুক্তিগত কারণে আসল ভিডিওটি ডিলিট করে পুনরায় আপলোড করতে হয়েছিল। ফলে রেস থেকে ছিটকে যায় সেটি এবং বাজিমাত করে বেরোলো ‘খুনখার’।
বর্তমানে পরিচালক বোয়াপাতি শ্রীনু ও অভিনেতা নন্দামুরী বালকৃষ্ণর ‘অখণ্ড ২: তাণ্ডবম’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে অভিনেত্রী রাকুল প্রীত সিং-কে চলতি বছরেই আয়ুষ্মান খুরানা ও সারা আলী খানের সাথে ‘পতি পত্নী অউর ওহ দো’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে। তবে কেরিয়ারের বাকি ছবির সাফল্য একপাশে, আর ইউটিউবের এই ১ বিলিয়নের বিশ্বরেকর্ড নিঃসন্দেহে তাঁদের কেরিয়ারের অন্যতম সেরা মুকুট হয়ে থাকবে।