শারীরিক অসুস্থতা-র কারণে চিকিৎসকদের কঠোর পরামর্শ মেনে সম্প্রতি ‘বিগ বস বাংলা’র ঘর থেকে আচমকা বিদায় নিতে হয়েছিল সোশ্যাল মিডিয়ার সেনসেশন তথা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তকে। তবে ‘আদর বাড়ি’ বা বিগ বসের ঘর ছাড়লেও ভক্তদের ভালোবাসা এবং শারদোৎসবের আনন্দে খামতি পড়েনি তাঁর। শরীর একটু সামলে উঠতেই পুরোপুরি ‘পুজো মুড অন’ ঝিলমের!

সঙ্গী কে জানেন?
বিগ বসের কঠিন প্রতিযোগিতার পাঠ চুকিয়ে সোজা ঘরের পুজোয় ফিরেছেন ঝিলম। আর এই উৎসবে তাঁর প্রতি মুহূর্তের সঙ্গী আর কেউ নন, তাঁর সবচেয়ে বিশেষ বান্ধবী পৌমলী। যিনি আসলে ঝিলমের ‘ইঁদুর’ গানের অনুপ্রেরণা।
ষষ্ঠী থেকে সপ্তমী— একসঙ্গে পুজো পরিক্রমা:
মহাষষ্ঠীর দিন নিজের তৈরি বিশেষ আগমনী গান ‘এসো মা’ রিলিজ করার পর থেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছেন ঝিলম। ষষ্ঠীর দিন বিশেষ বান্ধবী পৌমলীর সঙ্গে ম্যাচিং ও মানানসই লাল-সাদা প্রিন্টেড ক্যাজুয়াল পোশাকে সেজে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন দুজনে। মণ্ডপে মা দুর্গার প্রতিমার সামনে দাঁড়িয়ে তোলা তাঁদের সেই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। পৌলমীর পোস্ট করা ছবির কমেন্ট লাল হৃদয়ের ইমোজি আঁকেন ঝিলম।
কেবল ষষ্ঠী নয়, মহাসপ্তমীর দিনও একে অপরের হাত ধরে মণ্ডপে মণ্ডপে পুজো মণ্ডপ ঘুরে দেখেছেন দুই বান্ধবী। ছবিতে তাঁদের দুজনের মুখের প্রাণখোলা হাসি ও বন্ধুত্বের উষ্ণতা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
ঝিলমের পোস্টের কমেন্ট বক্সে সবার প্রশ্ন, ‘তোমার শরীর এখন কেমন আছে?’ কেউ আবার জানতে চাইছেন, ‘তুমি কি সত্যি আর ফিরবে না বিগ বসে?’
বিগ বসের ঘর থেকে বাদ পড়ার শোকে থাকা ঝিলমের অনুরাগীরা তাঁর এমন সুস্থ ও প্রাণবন্ত ছবি দেখে বেশ স্বস্তি প্রকাশ করেছেন এবং কমেন্ট বক্সে তাঁদের দুজনকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে অনুরাগী মহল।
শ্রীরামপুরের মেয়ে ঝিলম। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ বিষয়, বাংলা সিরিয়াল এবং সামাজিক নানা বিষয় নিয়ে কখনো মজাদার, কখনো আবার ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানাতে দেখা গিয়েছে ঝিলমকে। পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ নামে একটি সিনেমায় কাজ করেছেন ঝিলম।