বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma) এবং ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা দেবনাথ (Dona Debnath)-এর সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ডোনার জন্মদিনে অভিষেকের দেওয়া একগুচ্ছ লাল গোলাপ, সূর্যমুখী ফুল এবং চকোলেট-সহ উপহারের পাহাড় দেখে তাঁদের প্রেম একপ্রকার ‘জলের মতো পরিষ্কার’ বলে ধরে নিয়েছিলেন ভক্তরা। এমনকি রাত দুপুরে ভিডিও কলেও ডোনার সাথে পাওয়া গিয়েছিল তাঁকে। সেখানে তাঁদের এক্সপ্রেশন দেখে যে কেউ বলে দেবে, এটা নিছক বন্ধুত্ব নয়। আর সেই ভিডিয়ো সোশ্যালে পোস্ট করেছেন স্বয়ং ডোনা।

তবে এই প্রেমের গুঞ্জন দাবানলের মতো ছড়াতেই আর চুপ করে থাকতে পারলেন না ‘জোয়ার ভাঁটা’ খ্যাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই চর্চাকে ‘আবর্জনা’ বা ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়ে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে এক বিস্ফোরক সাফাই দিলেন অভিষেক।
‘গোলাপ দেওয়া মানেই প্রেম নয়, ওটা একটা বন্ধুত্বপূর্ণ আচরণ’
নিজের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনায় চরম ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি কড়া পোস্ট করেছেন অভিষেক। ট্রোলার এবং অতি-উৎসাহী ভক্তদের একহাত নিয়ে তিনি লিখেছেন, ‘আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে আমি প্রচুর পোস্ট দেখতে পাচ্ছি। কারও জন্মদিনে গোলাপ দেওয়া বা উপহার পাঠানো মানেই এই নয় যে তারা একে অপরের প্রেমে পাগল! এটা একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ আচরণও হতে পারে। দয়া করে আপনারা যে সমস্ত আবর্জনা রটানো শুরু করেছেন, সেগুলো বন্ধ করুন। প্লিজ!’
‘আমি সিঙ্গেল আছি এবং ভবিষ্যতেও তাই থাকতে চাই’
ডোনার নামও নিজের পোস্টে নেননি অভিষেক। তবে তাঁকে ভালো বন্ধু দাবি করেছেন ইঙ্গিতে। পাশাপাশি বর্তমানে তিনি যে কোনও প্রেমের সম্পর্কে জড়াতে নেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে অভিষেক সাফ কথা উগরে দিয়ে বলেন—'আমি সিঙ্গেল আছি এবং আগামী ভবিষ্যতেও এভাবেই সিঙ্গেল থাকতে চাই'।
যে ভিডিওটি ঘিরে বিতর্কের সূত্রপাত
এত বিতর্কের মূলে রয়েছে ডোনা দেবনাথের জন্মদিনের একটি বিশেষ ভিডিও। ডান্স বাংলা ডান্সের এই প্রাক্তন প্রতিযোগী নিজের জন্মদিনের সেলিব্রেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় রাত বারোটা বাজতেই ভিডিও কলে ডোনাকে শুভেচ্ছা জানাচ্ছেন ‘মিস্টার এ’ (পড়ুন অভিষেক)। শুধু তাই নয়, ডোনার ঘর আলো করে রেখেছিল অভিষেকের পাঠানো উপহারের ডালা— যার মধ্যে ছিল লাল গোলাপ থেকে শুরু করে চকোলেটের বাক্স, ব্লু-বেরি চিজ কেক। এই ভিডিও দেখেই জুটির ভক্তরা ধরে নেন যে দুজনে চুটিয়ে প্রেম করছেন। কিন্তু অভিষেকের এই সাম্প্রতিকতম পোস্টের পর স্পষ্ট হয়ে গেল যে এই সম্পর্ককে তিনি স্রেফ বন্ধুত্বের ঊর্ধ্বে আর কোনও নাম দিতে নারাজ। তবে নিন্দকরা বলছেন, ‘বাব্বা বন্ধুর জন্য এত্ত কিচ্ছু, আমারও এমন বন্ধু চাই’।