সাধারণত যেকোনো বিষয় নিয়ে নিজের স্পষ্ট ও ঠোঁটকাটা মতামত দিতেই পছন্দ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তবে ভালো কাজ দেখলে অকুণ্ঠ প্রশংসা করতেও যে তিনি কার্পণ্য করেন না, তা আবারও প্রমাণ করলেন অভিনেত্রী। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র সাম্প্রতিক একটি এপিসোড দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন শ্রীলেখা। সোশাল মিডিয়ায় শোয়ের প্রতিযোগীদের পারফরম্যান্স থেকে শুরু করে এডিটিং— সবকিছুরই ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তবে তারই মাঝে তনুশ্রীর চিৎকার নিয়ে হালকা খোঁচা দিতেও ছাড়েননি অভিনেত্রী!

মনামীর পারফরম্যান্সে মুগ্ধ শ্রীলেখা, জুনিয়রদের দিলেন বিশেষ পরামর্শ:
শোয়ের প্রতিযোগীদের মধ্যে অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)-এর কাজ সবচেয়ে বেশি মন ছুঁয়ে গিয়েছে শ্রীলেখা মিত্রের। মনামীর নিষ্ঠা ও অভিনয়ের প্রশংসা করে তিনি লেখেন, ‘আজকের বিগ বসের এপিসোডটা সত্যিই মন ছুঁয়ে গেল। প্রত্যেকের পারফরম্যান্সই অসাধারণ ছিল। বিশেষ করে মনামী— যে কাজটা ও এতটা মন দিয়ে (heartfelt ভাবে) করে, সেটা সত্যিই শেখার মতো। জুনিয়রদের মনামীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এত লড়াকু (resilient) পারফর্মার খুব কম দেখা যায়।’
জীতু-সৃজলা-দুর্নিবারদের প্রশংসা, তবে তনুশ্রীর চিৎকারে বিরক্ত শ্রীলেখা!
মনামীর পাশাপাশি ঘরের অন্যান্য সদস্যদেরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শ্রীলেখা, তবে তনুশ্রীর চিৎকার নিয়ে নিজের বিরক্তি গোপন রাখেননি তিনি। অভিনেত্রীর কথায়, দুর্নিবার, নিরঞ্জন, সৃজলা, জীতু, সৌরভ, রাজবীর— প্রত্যেকেই আজ নিজেদের মতো করে নজর কেড়েছেন বলে জানান শ্রীলেখা। রসিকতা ও কটাক্ষের সুরে শ্রীলেখা লেখেন, ‘তনুশ্রীর চিলচিৎকার বাদ দিলে গোটা এপিসোডটাই ভীষণ, ভীষণ এন্টারটেইনিং ছিল।’
শোয়ের এডিটিংয়েরও তারিফ করলেন অভিনেত্রী:
শুধু প্রতিযোগীদের পারফরম্যান্সই নয়, রিয়্যালিটি শোটির কারিগরি দিক অর্থাৎ এডিটিংয়েরও প্রশংসা করেছেন শ্রীলেখা মিত্র। সবশেষে তিনি লেখেন, ‘এবং অবশ্যই বলতে হবে, খুব ভালো এডিটিং হয়েছে! আজকের এপিসোডটা সত্যিই খুব ভালো হয়েছে’ শ্রীলেখার এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বেশ চর্চা শুরু হয়েছে।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।