...
...
Next Story

সৃজিতের মতোই সাপের শখ! তিন মাস গোখরো পুষেছিলেন এই পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক, ঘুমোতেন একই লেপের তলায়

বিষধর সাপ দেখলেই যেখানে আতঙ্কে শিউরে ওঠেন অধিকাংশ মানুষ, সেখানে একসময় তিন মাস ধরে গোখরো পুষেছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত গায়ক কৈলাস খের! শুধু তাই নয়, ব্যাকপ্যাকে ভরে সঙ্গে নিয়ে ঘুরতেন, এমনকী শীতের রাতে একই লেপের তলায় ঘুমোতেন সেই সাপের সঙ্গে।

Published on: Nov 23, 2026, 15:30:21 IST
Advertisement

সাপের প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ভালোবাসার কথা অনেকেরই জানা। তাঁর বাড়িতে রয়েছে একাধিক পোষ্য সাপ। তবে শুধু সৃজিত নন, সাপের প্রতি অদ্ভুত টান রয়েছে আরও এক তারকার। তিনি বলিউডের জনপ্রিয় গায়ক তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কৈলাস খের। একসময় প্রায় তিন মাস ধরে একটি বিষধর গোখরোকে নিজের কাছে রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, ব্যাকপ্যাকে ভরে সেই সাপকে সঙ্গে নিয়ে ঘুরতেন, এমনকী শীতের রাতে একই লেপের তলায় ঘুমোতেন দু'জনে! সম্প্রতি এক পডকাস্টে জীবনের এমনই অবাক করা অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন গায়ক।

সৃজিতের মতোই সাপের শখ এই পদ্মশ্রীপ্রাপ্ত গায়কের।
সৃজিতের মতোই সাপের শখ এই পদ্মশ্রীপ্রাপ্ত গায়কের।

‘মৃত্যুকেও ভয় পাই না’

রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে কৈলাস জানান, জীবনের প্রায় ১২-১৩ বছর তিনি ঋষিকেশে কাটিয়েছেন। সেই সময় পাহাড়ে চড়া, জঙ্গলে ঘুরে বেড়ানো ছিল তাঁর রোজকার অভ্যাস। বেদপাঠীদের একটি দলের সঙ্গেও নিয়মিত যাতায়াত ছিল তাঁর। প্রকৃতির কোলে কাটানো সেই দিনগুলিতে জঙ্গলের ফলমূল খেয়েই অনেক সময় দিন কাটত। সেই জীবনযাপনের অভিজ্ঞতা থেকেই বন্যপ্রাণীদের প্রতি ভয় অনেকটাই কেটে গিয়েছিল তাঁর। কৈলাসের কথায়, ভগবান শিব ও হনুমানের আশীর্বাদে তিনি কোনও বিপদকেই ভয় পান না। এমনকী জন্ম ও মৃত্যুকেও তাঁর কাছে সমান মনে হয়।

তিন মাস গোখরোর সঙ্গে একই লেপের তলায়!

কৈলাস জানান, যখন তাঁর বয়স প্রায় ২০ বছর, তখন একটি গোখরোকে নিজের কাছে রেখেছিলেন তিনি। প্রায় তিন মাস সেই সাপটি তাঁদের সঙ্গেই ছিল। শীতের দিনে রাতে একই লেপের তলায় ঘুমোত তারা। কোথাও বেরোতে হলেও সাপটিকে একা রেখে যেতেন না গায়ক। বরং ব্যাকপ্যাকে ভরে সঙ্গে নিয়ে ঘুরতেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও কৈলাসের কাছে সেই সময়ের স্মৃতি আজও বেশ অন্যরকম।

কৈলাশ খের।

তবে তিন মাস পর সেই গোখরোকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কৈলাস। এর পিছনেও ছিল এক অদ্ভুত উপলব্ধি। গায়ক জানান, সাপটিকে বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত ইঁদুর খাওয়াতে হত। একটি প্রাণীকে নিজের কাছে পুষে রাখার জন্য অন্য একটি প্রাণীকে হত্যা করতে হচ্ছে, বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি। তাঁর মনে হয়েছিল, নিজের শখ পূরণ করতে গিয়ে অন্য প্রাণীর প্রাণ নেওয়া ঠিক নয়। তাই শেষ পর্যন্ত গোখরোটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি।

সাপের ফোঁসফোঁসানিকেও ভয় পেতেন না!

গোখরোটির সঙ্গে কাটানো দিনগুলির আরও কিছু মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কৈলাস। তাঁর দাবি, সাপটির বিষদাঁত তুলে দেওয়া হয়েছিল। তবে তাতেও বিপদের আশঙ্কা পুরোপুরি কাটেনি। কারণ, বিষদাঁত না থাকলেও তার ফোঁসফোঁসানি থেকে বিষের ছিটে বেরোতে পারে। কৈলাস জানান, সাপটি কখনও কখনও খিদে পেলে বা দীর্ঘক্ষণ তাঁর নজর না পেলে ফোঁসফোঁস করে নিজের উপস্থিতি জানান দিত। তখন তিনি সাপটিকে ধরে মজা করে বলতেন, 'খুব দুষ্টুমি হচ্ছে!' যেন কোনও পোষ্য প্রাণীর সঙ্গেই কথা বলছেন, এমন আচরণ করতেন তিনি। এরপর আবার তাকে ব্যাগে ভরে রাখতেন। কৈলাসের কথায়, জীবনের সেই সময়টা ছিল একেবারেই অন্যরকম।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks