...
...
Next Story

Kangana-Maithili: এক বছরেই ১৩ কোটির গাড়ির মালকিন দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক মৈথিলী, ট্রোলড হতেই পাশে কঙ্গনা

বিলাসবহুল নীল রঙের রোলস রয়েস কুলিনানে মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা প্যান্ডেলে পৌঁছানোর পর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর।

Published on: Sep 20, 2026, 21:00:25 IST
Advertisement

সম্প্রতি মুম্বাইয়ের বিখ্যাত ‘লালবাগচা রাজা’ গণপতি মণ্ডপে নীল রঙের বিলাসবহুল ‘রোলস রয়েস কুলিনান’ (Rolls-Royce Cullinan) গাড়িতে চড়ে এসে সমাজমাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন গায়িকা তথা বিহারের বিজেপি বিধায়ক মৈথিলী ঠাকুর। মুম্বাইতে এই এসইউভি (SUV) গাড়িটির অন-রোড মূল্য প্রায় ১৩ কোটি টাকারও বেশি। রাজনৈতিক জীবনের মাত্র এক বছরের মধ্যে কীভাবে একজন তরুণ বিধায়ক এত দামি গাড়ি ব্যবহার করছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।

১৩ কোটির গাড়ির মালকিন দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক মৈথিলী, ট্রোলড হতেই পাশে কঙ্গনা
১৩ কোটির গাড়ির মালকিন দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক মৈথিলী, ট্রোলড হতেই পাশে কঙ্গনা

তবে এই বিতর্কে মৈথিলী ঠাকুরের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ট্রোলারদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন এবং প্রশ্ন তুলেছেন, রাজনীতিকরা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করলে মানুষের কেন এত আপত্তি থাকবে?

ইনস্টাগ্রামে ঠিক কী লিখেছেন কঙ্গনা?

ট্রোলারদের একহাত নিয়ে কঙ্গনা রানাউত লেখেন, ‘রাজনীতিবিদদের ভালো জীবনযাপন করতে দেখলেই কিছু মানুষের গা জ্বলে ওঠে। এখন আমাদের তরুণ বিধায়ক একটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করার জন্য ট্রোলের শিকার হচ্ছেন। আমরা সমাজসেবার সঙ্গে যুক্ত হতে পারি, কিন্তু আমাদের নিজস্ব ক্যারিয়ার, জীবন এবং জনপ্রিয়তাও রয়েছে। আমরা জনকল্যাণে নিস্বার্থভাবে কাজ করি, কিন্তু আমাদের ভালো থাকতে দেখলে কিছু মানুষের এত আঘাত লাগে কেন? আমরা কেন ভালো জীবনযাপন করতে পারব না? আমরা সরকারি বা জনগণের টাকায় আগ্রহী নই, তবে আমরা সারাজীবন গরিব এবং নিস্তেজ হয়ে থাকব— এমন প্রত্যাশা করাটা একেবারেই যুক্তিহীন।’

কঙ্গনার পোস্ট

লোকসঙ্গীত শিল্পী থেকে রাজনীতিক হয়ে ওঠা মৈথিলী ঠাকুর ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি-র (RJD) হেভিওয়েট নেতা বিনোদ মিশ্রকে পরাজিত করে বিশাল জয় পান। তিনি বিহারের সবচেয়ে কনিষ্ঠ বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

বিহারের মধুবনী জেলার বেনিপট্টিতে জন্ম নেওয়া মৈথিলী ছোটবেলা থেকেই বাবা ও দাদুর কাছে শাস্ত্রীয় এবং লোকসংগীতের তালিম পান। পরবর্তীতে ২০১৭ সালে সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ‘রাইজিং স্টার ইন্ডিয়া’-তে অংশ নিয়ে তিনি সারা দেশে জনপ্রিয়তা অর্জন করেন। ইউটিউব এবং অন্যান্য সামাজিক মাধ্যমে মৈথিলী, ভোজপুরি ও ভক্তিমূলক গানের জন্য তাঁর বিশাল অনুরাগী গোষ্ঠী রয়েছে।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান একটি বিতর্কে জড়িয়ে পড়লে তাঁর সমর্থনে সোচ্চার হয়েছিলেন কঙ্গনা রানাউত। এবার মৈথিলী ঠাকুরের গাড়ি-বিতর্কেও ট্রোলারদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মৈথিলীর পক্ষ নিলেন এই তারকা সাংসদ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks