২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের ছবি ‘কভি খুশি কভি গম’। ছবিতে করিনা কাপুরের ‘পু’ এবং হৃতিক রোশনের ‘রোহন’ চরিত্র দু’টি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ২৫ বছর। কিন্তু পুরনো সেই জুটির রসায়ন যে এখনও দর্শকদের মনে একই রকম জায়গা ধরে রেখেছে, তা আরও একবার প্রমাণ করলেন করণ জোহর। সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছেন পরিচালক। সেখানে করিনাকে দেখা যাচ্ছে তাঁর জনপ্রিয় ‘পু’ অবতারে। অন্য দিকে, ভিডিয়োতে ফিরে এসেছে হৃতিকের ‘রোহন’ চরিত্রের একটি পরিচিত দৃশ্যও। ফলে নতুন করে চর্চায় করিনা-হৃতিকের জুটি।

২৫ বছর পর পুরনো স্মৃতি উস্কে দিলেন করণ
করণ জোহরের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, করিনা যেন আবার ফিরে গিয়েছেন ‘কভি খুশি কভি গম’-এর সেই চেনা সাজে। ছবির ‘পু’ চরিত্রের মতোই লাল রঙের উল্টো স্যান্ডেল হাতে তুলে নিচ্ছেন তিনি। এরপর ঠোঁটে লিপস্টিক লাগানোর দৃশ্য। অন্য দিকে, হৃতিকের সেই জুতো বাঁধার দৃশ্যও নতুন করে তুলে ধরা হয়েছে ভিডিয়োতে। সব মিলিয়ে পুরনো ছবির নস্ট্যালজিয়াই যেন ফিরিয়ে এনেছেন পরিচালক।
ভিডিয়োটির সঙ্গে করণ লিখেছেন, ‘কিছু কিছু গল্প ২৫ বছর পরেও শেষ হয় না।’ পাশাপাশি জানিয়েছেন, এই পোস্টের নেপথ্যে আসল চমক কী, তা জানা যাবে ১৯ নভেম্বর। স্বাভাবিকভাবেই তাঁর এই ইঙ্গিত ঘিরে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
করণ জোহরের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। দীর্ঘদিন পর করিনা ও হৃতিককে একই প্রেক্ষাপটে দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। কেউ জানতে চেয়েছেন, দুই তারকাকে কি কোনও টক শোয়ে দেখা যাবে? আবার কারও দাবি, তাঁদের নিয়ে নতুন একটি ছবি তৈরি করা উচিত। একজন লিখেছেন, 'এ বছরের সেরা কোলাবরেশন'। অন্য এক অনুরাগীর অনুমান, এটি হয়তো কোনও বিজ্ঞাপনের প্রচার। কেউ আবার এই পুনর্মিলনকে স্বপ্নপূরণের সঙ্গে তুলনা করেছেন।
নতুন ছবি, বিজ্ঞাপন নাকি অন্য কোনও চমক?
{{/usCountry}}নতুন ছবি, বিজ্ঞাপন নাকি অন্য কোনও চমক?
{{/usCountry}}তবে করণ জোহরের পোস্ট থেকে এখনও স্পষ্ট নয়, ঠিক কোন কাজের জন্য একসঙ্গে দেখা যেতে চলেছে করিনা ও হৃতিককে। নতুন কোনও সিনেমা, বিশেষ অনুষ্ঠান, টক শো নাকি বিজ্ঞাপনের শুটিং—কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ১৯ নভেম্বরের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
এর আগেও একাধিক ছবিতে জুটি বেঁধেছেন করিনা-হৃতিক
২০০১ সালে ‘ইয়াদেঁ’ এবং ‘কভি খুশি কভি গম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন করিনা ও হৃতিক। পরবর্তীকালে সূরজ বরজাতিয়ার ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ এবং ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিতেও তাঁদের দেখা গিয়েছে। পর্দায় তাঁদের জুটি বরাবরই দর্শকদের আকর্ষণ করেছে। একসময় তাঁদের প্রেমের গুঞ্জনও ছিল। তাই ২৫ বছর পর নতুন করে এই দুই তারকাকে নিয়ে করণের ইঙ্গিত ঘিরে প্রত্যাশা বাড়ছে।
বক্স অফিসে সাফল্য অধরা করিনার, অপেক্ষায় হৃতিকের অনুরাগীরাও
কাজের দিক থেকে করিনাকে সম্প্রতি ‘দায়রা’ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। ধর্ষণের ঘটনা এবং এক নাবালকের এনকাউন্টারকে কেন্দ্র করে তৈরি ছবিটি প্রেক্ষাগৃহে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে বর্তমানে নেটফ্লিক্সে ছবিটি নজর কাড়ছে এবং ট্রেন্ডিং তালিকাতেও জায়গা করে নিয়েছে।
অন্য দিকে, গত বছর মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর থেকে হৃতিকের পরবর্তী কাজ নিয়ে আগ্রহী তাঁর অনুরাগীরা। এই পরিস্থিতিতে করিনা ও হৃতিককে ঘিরে করণ জোহরের নতুন পোস্ট তাঁদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ১৯ নভেম্বরই জানা যাবে, ২৫ বছর আগের সেই জনপ্রিয় জুটিকে নিয়ে ঠিক কী পরিকল্পনা করেছেন পরিচালক।