...
...
Next Story

Arijit Singh: ‘আমার থেকে বড় পাগল অরিজিৎ’! জিয়াগঞ্জের ভূমিপুত্রকে নিয়ে এসব কী বললেন কাজী তৌকির

‘বিগ বস ২০’-তে নিজের মজার কাণ্ডকারখানায় দর্শকদের নজর কেড়েছেন কাজী তৌকির। এবার শোয়ে নিজের ঘনিষ্ঠ বন্ধু তথা গায়ক অরিজিৎ সিংকে নিয়ে অকপট কাজী। তাঁর দাবি, তিনি যদি ‘ক্রেজি’ হন, তাহলে অরিজিৎ হলেন ‘ক্রেজিপনার বাবা’।

Published on: Sep 13, 2026, 09:30:45 IST
Advertisement

‘বিগ বস ২০’-তে নিজের এন্টারটেনিং আচরণের জন্য ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন কাজী তৌকির। তাঁর নানা মজার কাণ্ডে হেসে অস্থির সহ-প্রতিযোগীরাও। এবার শোয়ে নিজের বন্ধু এবং বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে নিয়ে বেশ কিছু অজানা কথা জানালেন কাজী।

কাজী তৌকির ও অরিজিৎ সিং।
কাজী তৌকির ও অরিজিৎ সিং।

অরিজিতের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা বলতে গিয়ে কাজী জানান, তাঁর বন্ধু সঙ্গীতের প্রতি কতটা প্যাশনেট। এমনকী নিজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘আমি যদি ক্রেজি হই, তাহলে অরিজিৎ ক্রেজিপনার বাবা।’

ঘণ্টার পর ঘণ্টা সেতার নিয়ে বসে থাকেন অরিজিৎ

অরিজিতের সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে কাজী বলেন, ‘ভাই, আমি বলছি, ওই মানুষটা আমার জীবন।’ তাঁর দাবি, অরিজিতের ফাইটিং স্পিরিট একেবারেই অন্যরকম। সঙ্গীত নিয়ে চর্চা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও তাঁর ক্লান্তি আসে না।

কাজীর কথায়, সেতার নিয়ে বসে শুরু করলে অরিজিৎ কখন যে ছয়-সাত বা আট ঘণ্টা পার করে দেন, তা তিনি নিজেই বুঝতে পারেন না। সেই সময় পুরোপুরি সঙ্গীতের মধ্যেই ডুবে থাকেন অরিজিৎ। কাজী জানান, তাঁর নিজের পোশাকের প্রতি যেমন শখ রয়েছে, তেমনই অরিজিতের কাছে সঙ্গীতই আনন্দের বিষয়। অর্থাৎ দু’জনের পছন্দ আলাদা হলেও নিজের নিজের জায়গায় দু’জনেই ভীষণ প্যাশনেট।

অরিজিতকে নিয়ে কী বললেন কাজী

এরপর ক্যামেরার দিকে তাকিয়ে কাজী বলেন, ‘আই লাভ ইউ ভাই, অরিজিৎ ভাই। আমরা সবাই অরিজিৎ ভাইকে ভালোবাসি। গোটা দেশ অরিজিৎ ভাইকে ভালোবাসে।’

‘পাগল’ অরিজিৎ

জাতীয় টেলিভিশনে অরিজিৎকে নিয়ে এমন মন্তব্য করছেন শুনে কাজিকে সতর্ক করেন আমন। তবে তাতেও থামেননি তিনি। কাজির কথায়, অরিজিৎ এমন একজন মানুষ, যিনি এসব নিয়ে বিশেষ মাথা ঘামান না।

বন্ধুকে বর্ণনা করতে গিয়ে কাজি বলেন, অরিজিৎ ‘অন্য লেভেলের মানুষ’। তাঁর বক্তব্য, ‘আমি যদি ক্রেজি হই, তাহলে ও ক্রেজিপনার বাবা।’

কাজীর জন্যই প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ

কাজী ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে সমর্থন করেছিলেন অরিজিৎ। তিনি টুইটারে লিখেছিলেন, জীবনে প্রথমবার ‘বিগ বস’ দেখতে চলেছেন, কারণ সেখানে তাঁর নিজের ‘রকস্টার’ কাজী রয়েছেন।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে গানও গেয়েছেন কাজি। তাঁর গান শুনে প্রশংসায় পঞ্চমুখ হন অন্যান্য প্রতিযোগীরা। আম্রপালি দুবে তাঁকে বলেন, তাঁর কণ্ঠ এতটাই ভালো যে গুরুকুলের সময় গোটা দেশ তাঁকে ভোট দিয়েছিল।

তবে নিজের গানের প্রশংসা শুনে কাজী বলেন, সেই সময় দর্শকদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ হলেও তিনি মনে করেন, তখন তিনি আদৌ ভালো গান গাইতেন না।

গুরুকুলে অরিজিৎকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন কাজী

উল্লেখ্য, কাজী তৌকির ও অরিজিৎ সিং দু’জনেই ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন। সেই প্রতিযোগিতায় অরিজিৎ ষষ্ঠ স্থানে শেষ করেছিলেন। অন্যদিকে কাজী তৌকির বিজয়ী হন। সেই পুরনো বন্ধুত্বই যে এখনও অটুট, ‘বিগ বস ২০’-এ অরিজিৎকে নিয়ে কাজীর মন্তব্যে ফের তারই প্রমাণ মিলল।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks