...
...
Next Story

Ramya Krishnan: ‘বিয়ে ওভাররেটেড, লিভ-ইন করলেই ভালো হতো', কেন স্বামীর সঙ্গে থাকেন না ‘শিবগামী’ রম্যা?

দীর্ঘদিনের বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে স্বামীর সঙ্গে এক ছাদের নীচে তো দূর এক শহরে না থাকার আসল কারণ জানালেন অভিনেত্রী রম্যা কৃষ্ণন।

Published on: Nov 16, 2026, 19:54:44 IST
Advertisement

দক্ষিণী সিনেমার দাপুটে অভিনেত্রী রম্যা কৃষ্ণন এবং জনপ্রিয় পরিচালক কৃষ্ণ বংশী-র দাম্পত্য জীবন নিয়ে বিগত কয়েক বছর ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। স্বামী-স্ত্রী হয়েও দু’জনে দুটি আলাদা শহরে থাকেন— আর এই বিষয়টিই তাঁদের বিচ্ছেদের জল্পনাকে আরও উস্কে দিয়েছিল।

‘বিয়ে ওভাররেটেড, লিভ-ইন করলেই ভালো হতো', কেন স্বামীর সঙ্গে থাকেন না ‘শিবগামী’?
‘বিয়ে ওভাররেটেড, লিভ-ইন করলেই ভালো হতো', কেন স্বামীর সঙ্গে থাকেন না ‘শিবগামী’?

সম্প্রতি ‘র টকস উইথ ভিকে’ (Raw Talks with VK) নামক একটি পডকাস্টে উপস্থিত হয়ে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করলেন ‘বাহুবলী’-র রাজমাতা খ্যাত এই অভিনেত্রী। বিচ্ছেদের খবর সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে তিনি অকপটে জানালেন, বিয়ে নামক প্রতিষ্ঠানটি তাঁর কাছে বেশ ‘ওভাররেটেড’ (অতিরিক্ত গুরুত্ব দেওয়া বিষয়) এবং বিয়ের বদলে তাঁরা যদি লিভ-ইন সম্পর্কে থাকতেন, তবেই হয়তো বেশি ভালো হতো।

‘আমরা ১০০ শতাংশ বিবাহিত, তবে সুবিধাজনকভাবে আলাদা শহরে থাকি’:

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে রম্যা স্পষ্ট জানান, তাঁরা এখনও একসঙ্গেই আছেন, কেবল কাজের ও সন্তানের সুবিধার্থে দুটি ভিন্ন শহরে বসবাস করেন। আলাদা থাকার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা ১০০ শতাংশ এখনও বিবাহিত। তবে আমরা নিজেদের সুবিধামতো এবং আনন্দের সঙ্গেই দুটি আলাদা শহরে থাকি। আমার ছেলে তখন বড় হচ্ছে, আর আমি হায়দরাবাদে একটি টিভি শো-এর শুটিং শুরু করেছিলাম। তেলেঙ্গানা আন্দোলনের সময় প্রতি ১৫ দিন অন্তর আমি চেন্নাই যেতাম আবার ফিরে আসতাম। ওই সময় ধর্মঘট ও স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমার এবং ছেলের ওপর প্রচণ্ড চাপ পড়ছিল। আমি যখনই শহর ছাড়তাম, ও অসুস্থ হয়ে পড়ত। তাই শেষমেশ ওকে চেন্নাইয়ের স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিই।’

দাম্পত্য সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অত্যন্ত সাহসী ও স্পষ্ট মন্তব্য করেন রম্যা। তাঁর মতে, বিয়ের পর সঙ্গীর চেয়েও পারিপার্শ্বিক মানুষ ও পরিবারের কাছে জবাবদিহি অনেক বেশি বেড়ে যায়।

রম্যার কথায়, ‘আমার মনে হয় সম্পর্কে বিয়েটা একটা ওভাররেটেড প্রক্রিয়া। যখন সত্যিই প্রয়োজন, ঠিক তখনই বিয়ে করা উচিত। আসলে বংশী তো প্রথম থেকেই বলত, বিয়ের কী দরকার? চলো একসঙ্গে লিভ-ইন করি। আমার মনে হয় তখন ওর কথায় হ্যাঁ বলে দিলেই ভালো হতো। বিয়ের সঙ্গে দুই পরিবার এবং চারপাশের বহু মানুষ জড়িয়ে যায়। তখন সেই মানুষটির সঙ্গে সম্পর্কের চেয়েও ওই সামাজিক সম্পর্কের কাছে বেশি জবাবদিহি করতে হয়। আমি এটাই বলতে চাইছি যে, মানুষ হিসেবে ওনার সঙ্গে আমার সম্পর্কটা একদম নিখুঁত এবং চিরকাল তাই থাকবে।’

আলাদা থাকাতেই টিকে আছে বন্ধুত্ব ও ভালোবাসা:

পডকাস্টে মজার ছলে রম্যা এও বলেন যে, তাঁরা আলাদা শহরে থাকেন বলেই হয়তো তাঁদের বিয়েটা আজও এত সুন্দরভাবে টিকে আছে! সবসময় ঝগড়া করার বদলে এখন তাঁরা অনেক ভালো বন্ধু হয়ে উঠেছেন।

২০০৩ সালে বিয়ের পিঁড়িতে বসা এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে, নাম ঋত্বিক বংশী (জন্ম ২০০৫)। পেশাগত জীবনেও তাঁরা ‘চন্দ্রলেখা’, ‘শ্রী অঞ্জনেয়ম’ এবং ‘রঙ্গ মার্তণ্ড’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে রম্যা মজা করে জানান, ‘শ্রী অঞ্জনেয়ম’ ছবির দ্বিতীয়ার্ধের সমালোচনা করার পর থেকেই কৃষ্ণ বংশী আর নিজের কাজের বিষয় স্ত্রীর সঙ্গে ভাগ করেন না— দু’জনেই এখন নিজেদের মতো করে কাজ করতে ভালোবাসেন।

প্রসঙ্গত, রম্যা কৃষ্ণনকে শেষবার ‘জেলার ২’ (Jailer 2) ছবিতে দেখা গেছে এবং সম্প্রতি তিনি ‘বিগ বস ১০ তামিল’-এ অতিথি সঞ্চালক হিসেবেও নজর কেড়েছেন। আগামীতে তাঁর ঝুলিতে ‘রাকা’, ‘শ্রী শ্রী’, ‘পকেট নভেল’ এবং ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-এর মতো একাধিক ছবি রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks