...
...
Next Story

‘আমাকে মারতে পারবেন না, গুলিও করতে পারবেন না…’! রজনীকান্তের 'জেলার-২' করার আগে এই শর্ত রেখেছিলেন মিঠুন

রজনীকান্তের আগামী ছবি ‘জেলার ২’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তবে এই ছবিতে অভিনয়ের আগে নাকি একটি বিশেষ শর্ত রেখেছিলেন অভিনেতা। সম্প্রতি সেই অজানা কাহিনিই প্রকাশ্যে এনেছেন রজনীকান্ত।

Published on: Oct 13, 2026, 08:48:46 IST
Advertisement

রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘদিন পর এই ছবির হাত ধরেই তামিল সিনেমায় ফিরছেন অভিনেতা। যদিও ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে মিঠুনকে নিয়ে এক অজানা তথ্য সামনে আনলেন রজনীকান্ত।

জেলার ২-এ একসঙ্গে কাজ করেছেন মিঠুন ও রজনীকান্ত।
জেলার ২-এ একসঙ্গে কাজ করেছেন মিঠুন ও রজনীকান্ত।

‘জেলার ২’-এ অভিনয়ের আগে কী শর্ত রেখেছিলেন মিঠুন?

সম্প্রতি রজনীকান্ত জানান, ‘জেলার ২’-এ অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর একটি বিশেষ শর্ত রেখেছিলেন মিঠুন। অভিনেতার দাবি, মিঠুন জানতে চেয়েছিলেন, ছবিতে তাঁর চরিত্রটি কী ধরনের। তিনি কি খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন? আর সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে রজনীকান্তের হাতে তাঁকে মার খেতে হবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মিঠুন।

এই প্রসঙ্গে রজনীকান্ত জানান, মিঠুন তাঁর খুব ভালো বন্ধু। ছবির প্রযোজনা সংস্থার তরফে যখন মিঠুনের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি নিজের চরিত্র সম্পর্কে জানতে চান। এমনকী, তাঁকে যদি রজনীকান্তের হাতে মার খেতে হয়, তাহলে সেই ছবিতে অভিনয় করতে চান না বলেও জানিয়েছিলেন অভিনেতা।

রজনীকান্তের কথায়, পরবর্তী সময়ে একটি অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। তখন মিঠুন জানান, রজনীকান্ত চাইলে তিনি ছবিটিতে অভিনয় করতে রাজি। তবে তাঁর একটাই শর্ত, ছবিতে রজনীকান্ত যেন তাঁকে না মারেন এবং গুলি না করেন। উত্তরে রজনীকান্ত জানান, বিষয়টি নিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথা বলবেন। যদিও মিঠুন যে মজার ছলেই কথাগুলি বলেছিলেন, তা তিনি বুঝতে পেরেছিলেন বলেও জানান অভিনেতা।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাগাভারায়িনুম না কাক্কা’ ছবির মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। এরপর দীর্ঘ সময় তাঁকে আর কোনও তামিল ছবিতে দেখা যায়নি। ‘জেলার ২’-এর হাত ধরে ফের তামিল ছবিতে ফিরছেন তিনি।

তবে রজনীকান্তের সঙ্গে এই প্রথম কাজ করছেন না মিঠুন। এর আগে রমেশ সিপ্পি পরিচালিত হিন্দি ছবি ‘ভ্রষ্টাচার’-এ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অন্যদিকে, মিঠুনের বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’-তে বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল রজনীকান্তকে। সেই ছবিতে মিঠুনের সঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও।

‘জেলার ২’-এ একসঙ্গে তিন দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী

‘জেলার ২’-এর অন্যতম আকর্ষণ হল, এই ছবিতে একসঙ্গে দেখা যাবে তিন দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী অভিনেতাকে—রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী এবং মোহনলালকে। ছবিতে আরও অভিনয় করছেন রম্যা কৃষ্ণন ও বিদ্যা বালন। পাশাপাশি শিবরাজকুমার এবং জ্যাকি শ্রফের ক্যামিও উপস্থিতিও ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে।

এই অ্যাকশন থ্রিলার ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। সিনেমাটোগ্রাফি সামলেছেন বিজয় কার্তিক কান্নান, সম্পাদনার দায়িত্বে রয়েছেন আর নির্মল এবং প্রোডাকশন ডিজাইন করেছেন ডিআরকে কিরণ। ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চেতন ডি সুজা।

প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ‘জেলার ২’-এর। এবার দেখার, রজনীকান্ত ও মিঠুনের রসায়ন বড় পর্দায় দর্শকদের কতটা মন জয় করতে পারে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks