বাংলার ভোট উৎসবের শেষবেলা। দিনভর চাপা উত্তেজনা। আম জনতার পাশাপাশি ভোট দিলেন তারকারাও।

বালিগঞ্জের তপ্ত দুপুরে তখন রাজনীতির পারদ তুঙ্গে। বুথের বাইরে কড়া রোদে লম্বা লাইন। কিন্তু আচমকাই যেন সেই ভিড়ের ছন্দ বদলে গেল। কারণ, সেখানে উপস্থিত হয়েছেন চিরযৌবনা ফ্যাশন আইকন মুনমুন সেন। ৭৫ পেরিয়েও তিনি যে অনন্যা তাঁর মোহময়ী উপস্থিতি আরও একবার তা প্রমাণ করে দিল। সঙ্গে সুন্দরী কন্যা রাইমা সেন। মা-মেয়ের উপস্থিতিতে তখন টলিপাড়ার বর্তমান নায়িকারাও যেন কিছুটা ফিকে।
বালিগঞ্জের বুথে ভোট দিয়ে যখন রাইমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসছেন মুনমুন সেন, তখন সংবাদমাধ্যমের ভিড়। কাজলনয়না চোখের চাহনিতে আজও যেন মিশে আছেন মহানায়িকা সুচিত্রা সেন। কিন্তু বুথ থেকে বেরোতেই মুনমুনের মুখে শোনা গেল এক অদ্ভুত অভিযোগ— ‘ভোট দিতে দেয়নি!’ যা শুনে মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন উপস্থিত সকলেই। গণতান্ত্রিক দেশে খোদ মুনমুন সেনকে ভোট দিতে বাধা? কিন্তু তাঁর আঙুলে তো কালির ছাপ। তাহলে?
আদুরে রহস্যের উন্মোচন:
না, কোনো রাজনৈতিক অশান্তি নয়। গাড়ির কাঁচ নামিয়ে মুনমুন নিজেই ফাঁস করলেন আসল সত্যিটা। দেখা গেল, গাড়ির সিটে গুটিসুটি মেরে বসে রয়েছে তাঁর আদরের পোষ্য সারমেয়টি। মা-মেয়ে হেসেই খুন। মুনমুন মজা করে বললেন, এই চারপেয়ে বন্ধুটিকেই নাকি ভোট দিতে দেওয়া হয়নি! আদরের পোষ্যকে নিয়ে এমন রসিকতায় হেসে ফেললেন উপস্থিত পাপারাৎজিরাও। আসমানি নীল শাড়ি আর ফিরোজা রঙের গয়নায় সুচিত্রা-কন্যার সেই অমলিন হাসিই তখন বালিগঞ্জের বুথের সেরা ফ্রেম। বড় মেয়ে রাইমার দেখা মিলল সাদা-গোলাপি সালোয়ার কামিজে।
আবারও সেই ‘এসআইআর’ বিতর্ক:
{{/usCountry}}আবারও সেই ‘এসআইআর’ বিতর্ক:
{{/usCountry}}একটা সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন মুনমুন। তৃণমূলের একদা সাংসদ ২০১৯ সালের নির্বাচনে বিজেপির (এখন তৃণমূলের) বাবুল সুপ্রিয়র কাছে ভোটে হারেন। তারপর নিজেকে রাজনীতির ময়দান থেকে গুটিয়ে নেন মুনমুন।
বিরোধী থেকে সাধারণ মানুষ— অনেকেই তাঁর রাজনীতি করার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মুনমুন বরাবরই মেজাজি, নিজের স্টাইলে অবিচল। আজ বালিগঞ্জের বুথে দাঁড়িয়ে যখন তিনি পোষ্যর ভোট না দিতে পারা নিয়ে রসিকতা করছেন, তখন নেটিজেনরা বলছেন, গ্ল্যামার আর আভিজাত্য দিয়ে আজও তিনি রাজনীতির কঠোর রূঢ়তাকে হালকা করে দেওয়ার ক্ষমতা রাখেন।
ভোট দিয়ে বেরিয়ে মেয়ে রাইমার সঙ্গে সেলফিতে মেতে উঠলেন অভিনেত্রী। রাজনীতির রণাঙ্গনে লড়াই থাকুক বা না থাকুক, বালিগঞ্জের লাইমলাইটে আজও যে রাজত্ব করেন মহানায়িকার সুযোগ্য তনয়া, তা আজ আরও একবার স্পষ্ট হলো।