...
...
Next Story

Mrinal Sen: নামী নায়িকার প্রেমে পড়ার অকপট স্বীকারোক্তি মৃণাল সেনের! ২৫ বছর আগের ভিডিও ভাইরাল, কার দিকে ছিল ইঙ্গিত?

'তুমি যদি জর্দা না খেতে, তবে আমার সংসারের অশান্তির কারণ হতে পারতে!’ প্রখ্যাত অভিনেত্রীর প্রেমে পড়ার অকপট স্বীকারোক্তি মৃণাল সেনের! ২৫ বছর পর ভাইরাল ২০০১ সালের সাক্ষাৎকার, কাকে ইঙ্গিত করে নেটপাড়া বলল ‘মাধবী মুখোপাধ্যায়’?”

Published on: Nov 27, 2026, 12:01:03 IST
Advertisement

সিনেমার ইতিহাসে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে নিয়ে বাঙালির কৌতুহলের শেষ নেই। জন্ম শতবর্ষেও নিজের আলোয় আলোকিত মৃণাল। মৃত্যুর পরও তিনি বাঙালির জীবনে, বাঙালির যাপনে ওতোপ্রোতভাবে জড়িয়ে। সম্প্রতি সোশাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে আজ থেকে প্রায় ২৫ বছর আগে অর্থাৎ ২০০১ সালে তৎকালীন আলফা বাংলা (বর্তমান জি বাংলা)-য় প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘চেনা মুখ অচেনা মানুষ’-এর একটি পুরোনো ভিডিয়ো ক্লিপিং। সঞ্চালিকা গার্গী নন্দী-র প্রশ্নের উত্তরে সেখানে নিজের কেরিয়ারের শুরুর দিকের এক অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রীর প্রতি ভালো লাগা এবং তাঁর ‘জর্দা খাওয়ার’ অভ্যাসের কারণে কীভাবে নিজের সংসারের অশান্তি এড়িয়েছিলেন মৃণাল সেন— সেই মজার অথচ বিস্ফোরক গল্প শোনা যায় পরিচালকের মুখে। আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা— নেটিজেনদের একাংশের দাবি, ওই অভিনেত্রী আর কেউ নন, স্বয়ং মাধবী মুখোপাধ্যায়!

নামী নায়িকার প্রেমে পড়ার অকপট স্বীকারোক্তি মৃণাল সেনের! ২৫ বছর আগের ভিডিও ভাইরাল, কার দিকে ছিল ইঙ্গিত?
নামী নায়িকার প্রেমে পড়ার অকপট স্বীকারোক্তি মৃণাল সেনের! ২৫ বছর আগের ভিডিও ভাইরাল, কার দিকে ছিল ইঙ্গিত?

সঞ্চালিকা গার্গী নন্দীর প্রশ্নে কী অকপট স্বীকারোক্তি দিয়েছিলেন মৃণাল সেন?

সাক্ষাৎকারে সঞ্চালিকা গার্গী নন্দী পরিচালককে একটি ব্যক্তিগত প্রশ্ন করেন— অনেক সময় ‘স্রষ্টা সৃষ্টির প্রেমে পড়ে যান’, অর্থাৎ পরিচালকেরা তাঁদের নায়িকাদের সঙ্গে আবেগপ্রবণ সম্পর্কে জড়িয়ে পড়েন; মৃণাল সেনের সমকালীন বহু পরিচালকের ক্ষেত্রেও এমন শোনা যেত। এই প্রসঙ্গে মৃণাল সেনের নিজের অভিজ্ঞতা কী, তা জানতে চান সঞ্চালিকা।

বিন্দুমাত্র সংকোচ না করে এবং স্ত্রী ‘বৌদি’ (গীতা সেন) সব জানতেন উল্লেখ করে মৃণাল সেন বলেন, ‘প্রথম দিকে ছবি করতে গিয়ে একটা মেয়েকে এতই ভালো লাগল, এতই ভালো করছিল, অসাধারণ ভালো! কিন্তু আমি একদিন ওকে বললামই, তুমি যদি দোক্তা না খেতে, জর্দা না খেতে, তাহলে তুমি আমার সংসারের অশান্তির কারণ ঘটাতে পারতে।’

‘জর্দা খেয়ে পিক ফেলত, সেটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে’— কী বলেছিলেন পরিচালক?

ওই অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ হলেও তাঁর একটি অভ্যাসের কারণেই যে মৃণাল সেনের ভালো লাগা আর এগোয়নি, তা হাসতে হাসতে ব্যাখ্যা করেন পরিচালক।

তাঁর কথায়, ‘জর্দা খেয়ে সব সর্বনাশটা করে! আমার কাছে এসে কথা বলতে বলতে যখন জর্দা খেয়ে পিক ফেলত, তখন আমার কাছে অসহ্য লাগত। মানে সেটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, তা না হলে আমার সংসারের অশান্তি ঘটতে পারত— কিন্তু এটা বলতাম।’

সাক্ষাৎকারের শেষে সঞ্চালিকা গার্গী নন্দী কৌতূহলী হয়ে ওই অভিনেত্রীর নাম জানতে চাইলে মৃণাল সেন প্রথমে রসিকতা করে বলেন, ‘কানু!’ এরপরই হেসে উঠে সঞ্চালিকাকে উদ্দেশ্য করে বলেন, 'ওকে আবার জিজ্ঞেস করবে যে আমি কিছু গোলমাল করেছি কি না? একেবারে সিবিআই হয়ে গিয়েছে দেখছি!'

যদিও ভিডিয়োতে মৃণাল সেন সরাসরি কারোর নাম প্রকাশ করেননি, তবে মৃণাল সেনের শুরুর দিকের ছবি (যেমন ‘বাইশে শ্রাবণ’, ‘পুনশ্চ’, ‘অবশেষে’) এবং পানের সঙ্গে জর্দা খাওয়ার পরিচিত অভ্যাসের সূত্র ধরে নেটপাড়ার অধিকাংশ দর্শকই কমেন্ট বক্সে দাবি করেছেন যে, এই অভিনেত্রী আসলে কিংবদন্তি মাধবী মুখোপাধ্যায়। আড়াই দশক পরও মৃণাল সেনের এই সরল ও নির্মল রসবোধ মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks