আজ তিনি জনপ্রিয় কমেডিয়ান। ‘লক আপ’ থেকে ‘বিগ বস ১৭’, একের পর এক রিয়্যালিটি শো জিতে পরিচিতি পেয়েছেন মুনাওয়ার ফারুকি। কিন্তু সাফল্যের এই জায়গায় পৌঁছনোর পথ মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাঁকে। মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেন মুনাওয়ার। তখন প্রতিদিন তাঁর রোজগার ছিল মাত্র ১০ থেকে ২০ টাকা। সম্প্রতি প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে নিজের জীবনের সেই কঠিন দিনগুলির কথা তুলে ধরেছেন তিনি।

প্রথম কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মুনাওয়ার জানান, আট বছর বয়সে একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করতেন তিনি। সেখান থেকে দিনে ১০-২০ টাকা উপার্জন হত। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানেও কাজ শুরু করেন। সেখানে দু' থেকে চার মাস কাজ করেছিলেন। তবে তাঁর প্রথম নিয়মিত কাজ ছিল একটি বাসনপত্রের দোকানে।
ষষ্ঠ শ্রেণির পর বন্ধ পড়াশোনা
{{/usCountry}}ষষ্ঠ শ্রেণির পর বন্ধ পড়াশোনা
{{/usCountry}}ছোটবেলায় পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলেন মুনাওয়ার। এমনকী ক্লাসে প্রথমও হতেন তিনি। কিন্তু পরিবারের আর্থিক পরিস্থিতির কারণে ষষ্ঠ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পডকাস্টে মুনাওয়ার জানান, পড়াশোনা করতে চাইলেও পরিস্থিতি তাঁকে সেই সুযোগ দেয়নি। তবে পিছনে ফিরে তাকালে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য বিশেষ আক্ষেপ হয় না তাঁর।
মুনাওয়ারের কথায়, কাজ করতে তিনি ভীষণ ভালোবাসেন। প্রতিদিন কাজ করতে পারলে তাঁর কোনও ক্লান্তি আসে না। ছুটি কাটানোর চেয়ে উপার্জন করা এবং পরিশ্রম করতেই বেশি পছন্দ করেন তিনি। অনেকে তাঁকে অতিরিক্ত পরিশ্রমী বললেও তাঁর মতে, প্রত্যেকেই নিজের জায়গা থেকে পরিশ্রম করেন।
কীভাবে সাফল্যের মুখ দেখলেন মুনাওয়ার?
গুজরাতের জুনাগড় থেকে কিশোর বয়সে মুম্বইয়ে চলে আসেন মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়াতে একাধিক কাজ করতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে স্ট্যান্ড আপ কমেডি এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেন। ২০২২ সালে ‘লক আপ’-এর প্রথম সিজনে জয়ী হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ‘বিগ বস ১৭’-এর ট্রফিও জেতেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’-তেও অংশ নিয়েছেন মুনাওয়ার।