...
...
Next Story

টাইগারকে প্রাণে মারতে এলোপাথাড়ি গুলি, দায় নিল বিষ্ণোই গ্যাং, নায়ককে ফোন CM-এর, তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি

'কোনো গ্যাং ছাড় পাবে না, অপরাধীদের তাদের ভাষাতেই জবাব দেব!’ টাইগার শ্রফের ওপর হামলায় সোচ্চার শিবসেনা-বিজেপি জোট সরকার, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তোপ সুপ্রিয়া সুলের।

Published on: Oct 18, 2026, 23:35:17 IST
Advertisement

মুম্বইয়ের অভিজাত জুহু এলাকায় রবিবার সন্ধ্যায় অ্যাকশন তারকা টাইগার শ্রফের (Tiger Shroff) গাড়িতে দুষ্কৃতীদের গুলিবর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনার পরই মহারাষ্ট্রের রাজনৈতিক মহল এবং সরকার তৎপর হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ও উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরাসরি ফোন করে টাইগারের খোঁজ নিয়েছেন এবং মুম্বই পুলিশ কমিশনার দেবেন ভারতীকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন এনসিপি (NCP) নেত্রী সুপ্রিয়া সুলে।

টাইগারকে প্রাণে মারতে এলোপাথাড়ি গুলি, দায় নিল বিষ্ণোই গ্যাং, নায়ককে ফোন CM-এর
টাইগারকে প্রাণে মারতে এলোপাথাড়ি গুলি, দায় নিল বিষ্ণোই গ্যাং, নায়ককে ফোন CM-এর

মহারাষ্ট্র সরকারের প্রতিক্রিয়া ও কড়া হুঁশিয়ারি:

স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ফড়নবিস ঘটনাটিকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন। তিনি পুলিশ কমিশনারকে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। টাইগার শ্রফকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন—'আমরা সবাই আপনার পাশে আছি। অভিযুক্তদের খুব দ্রুত খুঁজে বের করব। চিন্তার কোনো কারণ নেই।' টাইগারের উপর হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে উপ-মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে জানান, পুলিশ কমিশনারের নেতৃত্বে একাধিক তদন্তকারী দল (Teams) গঠন করা হয়েছে। অপরাধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে শিন্ডে হুঁশিয়ারি দেন—'টাইগার শ্রফের গাড়িকে লক্ষ্য করে এই আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সে কোনো তারকাই হোক বা সাধারণ নাগরিক, সকলের সুরক্ষা দেওয়াই সরকারের মূল দায়িত্ব। কোনো গ্যাং ছাড় পাবে না! ৯০-এর দশকের গ্যাং ওয়ার যেভাবে মুম্বই পুলিশ তাদের নিজস্ব ভাষায় দমন করেছিল, এবারও সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করলে দুষ্কৃতীদের একই ভাষায় কড়া জবাব দেওয়া হবে। এটা মুম্বই, এটা মহারাষ্ট্র!'

মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে এমন হামলার ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন—'মুম্বইয়ের রাস্তায় অপরাধীদের মধ্যে আইনের কোনো ভয় নেই। তরোয়াল উঁচিয়ে ঘুরে বেড়ানো থেকে শুরু করে গুলি চালানো— গোটা মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম আশঙ্কাজনক রূপ নিয়েছে। সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ, দ্রুত পরিস্থিতির পর্যালোচনা করে জনসাধারণের মধ্যে আস্থা ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।'

বর্তমানে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে টাইগারের বাসস্থান এবং জুহু সংলগ্ন এলাকা। মুম্বই পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরতে অভিযান শুরু করেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks