বাংলাদেশের বিতর্কিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ফের খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমে একরত্তি শিশুকে কোলে নিয়ে একটি রহস্যময় ছবি পোস্ট করতেই নেটপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের তিন বছর পর নিজের সোশাল অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন: ‘নাম্বার থ্রি ডান। আলহামদুলিল্লাহ’। কমেন্ট বক্সে নায়িকা স্পষ্ট করেছেন, মেয়ের পর এবার পুত্র সন্তান দত্তক নিয়েছেন তিনি।

৩ সন্তানের মা পরীমণি:
সন্তানদের প্রতি পরীমণির ভালোবাসা ও আবেগ নতুন কিছু নয়। এর আগেও একাধিক সাক্ষাৎকারে তিনি নিজের বড় পরিবারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে তাঁর সংসারে দুটি সন্তান রয়েছে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সময় জন্ম হয় ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যের। বিচ্ছেদের পর থেকে ছেলে তাঁর কাছেই বড় হচ্ছে। গত বছর মে মাসে আইনি সমস্ত প্রক্রিয়া মেনে সাফিরা সুলতানা প্রিয়ম নামের এক কন্যাসন্তানকে দত্তক নেন তিনি।
এবার পুত্র সন্তান দত্তক নিলেন পরীমণি
সোশাল মিডিয়ায় চশমা পরা স্টাইলিশ লুকে গাড়ি থেকে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে তোলা ছবিটি পোস্ট করার পরই এই সুখবর ঘিরে তোলপাড় পরীর সোশ্য়াল মিডিয়ার দেওয়াল। নেটিজেনরা ইতিমধ্যেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর এই পোস্ট। পরীমণি জানিয়েছেন, এখনও ছেলের নাম ঠিক করেননি তিনি। শুধু তাই নয়, এক নেটিজেন প্রশ্ন করেন, ‘আর কটা চাই?’ নায়িকা সটান জানান- আর ৯৭টা। অর্থ শতসন্তানের জননী হতে চান পরীমণি।