রথযাত্রার পুণ্য তিথিতে যখন দেশজুড়ে উৎসবের আমেজ, তখনই নিজের শৈশবের সোনালী দিনগুলিতে ডুব দিলেন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)-র মুখ্য অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় (Ishani Chattopadhyay)।

দুর্গাপুরের মেয়ে ছোটপর্দার পারুল, মাইক্রোবায়োলজি পড়তে কলকাতায় আসা, কিন্তু ভাগ্যবিধাতা তাঁর ললাটে লিখেছেন অভিনয়। এখন তিনি ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা। কর্মব্যস্ততার কারণে বর্তমানে শুটিং সেটেই দিন কাটছে তাঁর। তবে এই বিশেষ দিনে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার রথযাত্রা ও মেলার নস্টালজিয়া অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন পর্দার এই জনপ্রিয় নায়িকা।
রথের দড়ি টানা আর বাতাসা লুফনোর সেই চেনা আনন্দ
ঈশানীর স্মৃতিচারণায় উঠে এসেছে ছোটবেলার সেই চেনা সকালের উত্তেজনা। তিনি জানান, রথের দড়ি টানার জন্য ভিড়ের মধ্যে অপেক্ষা করা, সবার সঙ্গে গলা মিলিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে রাস্তা ধরে হেঁটে যাওয়ার আনন্দই ছিল আলাদা।
মাঝপথে আচমকা বৃষ্টি নামলেও সেই আনন্দ বিন্দুমাত্র কমত না, বরং বৃষ্টিতে ভিজেই দ্বিগুণ উৎসাহে চলত রথযাত্রা। অভিনেত্রীর কথায়, ‘রথ থেকে মন্দিরের কাকুরা যখন বাতাসা, নকুলদানা আর প্রসাদ ছুড়ে দিতেন, আমরা রথের পেছন পেছন দৌড়ে সেগুলো লুফে নেওয়ার চেষ্টা করতাম। কী যে আনন্দ হতো! আজও সেই মুহূর্তগুলো মনে পড়লে মনের অজান্তেই হাসি পেয়ে যায়।’
বাড়ির কাছের মেলা এবং জেঠু-বাবার সাথে কাটানো মুহূর্ত
ঈশানী জানান, তাঁদের বাড়ির খুব কাছেই মেলাটি বসত। তাই মেলার শেষ দিন পর্যন্ত প্রতিদিন যাওয়ার জন্য মনটা ছটফট করত। কত দ্রুত পড়া শেষ করে ফ্রি পাস দিয়ে মেলার সব রাইডে চড়া যাবে, তা নিয়ে চলত জল্পনা।
সেই মেলার দিনগুলোর সাথে জড়িয়ে রয়েছে তাঁর গোটা পরিবার। জেঠুর হাত ধরে বইমেলায় যাওয়া, দাদা-দিদির কাছে হরেক রকম আবদার পূরণ করা, বাবার সাইকেল স্ট্যান্ডে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া আর মায়ের হাত ধরে মেলাজুড়ে পছন্দের খাবার খুঁজে বেড়ানো—সব মিলিয়ে রথের মেলাই ছিল তাঁর সারা বছরের সবচেয়ে প্রিয় সময়।
শুটিং সেটে কাটছে দিন, অনুরাগীদের কাছে বিশেষ আবদার
সময়ের সাথে সাথে জীবন বদলেছে। এখন আর আগের মতো ছুটি না থাকায় অনেক বছর এই চেনা আনন্দ উপভোগ করার সুযোগ পাননি ঈশানী। আজও তিনি ধারাবাহিকের শুটিং সেটেই রয়েছেন। কিন্তু কর্মব্যস্ততার মাঝেও তাঁর মন বারবার ফিরে যাচ্ছে নিজের শহরের সেই চেনা রথ, সেই বৃষ্টি আর মেলার ভিড়ে।
পোস্টের শেষে আবেগঘন হয়ে ঈশানী লিখেছেন, ‘আজ যারা রথের দড়ি টানতে যাচ্ছো, আমার হয়ে একটু বেশি করে আনন্দ করে নিও।’ সেই সাথেই ওঁর সমস্ত অনুরাগী ও দর্শকদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী।
{{/usCountry}}পোস্টের শেষে আবেগঘন হয়ে ঈশানী লিখেছেন, ‘আজ যারা রথের দড়ি টানতে যাচ্ছো, আমার হয়ে একটু বেশি করে আনন্দ করে নিও।’ সেই সাথেই ওঁর সমস্ত অনুরাগী ও দর্শকদের শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী।
{{/usCountry}}