সোশাল মিডিয়ার তীব্র কটাক্ষ, নোংরা আক্রমণ এবং সাইবার বুলিং একজন মানুষকে ঠিক কতটা মানসিক অবসাদের দিকে ঠেলে দিতে পারে, তার এক মর্মস্পর্শী চিত্র তুলে ধরলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তথা অভিনেত্রী ঝিলম গুপ্তা (Jhilam Gupta)। বিগ বস বাংলায় অংশগ্রহণ করার পর থেকেই নেটিজেনদের একাংশের তীব্র ঘৃণার শিকার হচ্ছেন তিনি। এমনকি তাঁর ভিডিয়োর কমেন্ট বক্সে সরাসরি তাঁর মৃত্যু কামনা করা হচ্ছে! সদ্য অস্ত্রোপচার (গল ব্লাডার স্টোন) হওয়া এবং হাই প্রেশার ও হার্টের সমস্যার মতো শারীরিক অসুস্থতার মাঝেই এই লাগাতার মানসিক আঘাতে ক্রমশ ভেঙে পড়ছেন ঝিলম। সম্প্রতি সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন পোস্টে নিজের সেই অসহায়তার কথা তুলে ধরলেন তিনি।

‘আমার অপরাধ? আমি একটা রিয়্যালিটি শো-তে গিয়েছিলাম...’— সোশাল মিডিয়ায় কী লিখলেন ঝিলম?
পোস্টের শুরুতেই সোশাল মিডিয়ায় জমা হওয়া ঘৃণার কথা উল্লেখ করে ঝিলম লেখেন, সোশাল মিডিয়া না থাকলে তিনি কোনোদিন জানতেই পারতেন না যে এই পৃথিবীতে তাঁর জন্য এত ঘৃণা জমা রয়েছে। সারাদিন তাঁর যেকোনো ভিডিয়োতে শয়ে শয়ে মানুষ এসে কদর্য মন্তব্য করছেন, কেউ লিখছেন তাঁর জন্মটাই পাপের, আবার কেউ সরাসরি তাঁর মৃত্যু কামনা করছেন।
নিজের অসহায়তার কথা তুলে ধরে ঝিলম লেখেন, 'পড়তে না চাইলেও সে সবই আমার চোখে পড়ে। চোখ ফেটে জল আসে। নিজেকে বড় অসহায় মনে হয়। অথচ আমি চোর ডাকাত নই। আমি ধর্ষক নই। আমি কারোর অধিকার ভঙ্গ করে কিছু লুঠ করিনি। আমার অপরাধ? আমি একটা রিয়েলিটি শো-তে গিয়েছিলাম এবং সেখানে আমাকে অনেকের পছন্দ হয়নি। আর যাদের আমায় পছন্দ হয়নি, তারাই আমার মৃত্যু কামনা করেন আজকাল।'
বাবার দুশ্চিন্তা, সদ্য অপারেশন এবং মানসিক অবসাদের গ্রাস:
{{/usCountry}}বাবার দুশ্চিন্তা, সদ্য অপারেশন এবং মানসিক অবসাদের গ্রাস:
{{/usCountry}}এই কদর্য ট্রোলিংয়ের প্রভাব যে কেবল ঝিলমের ওপর পড়ছে তা নয়, বরং তাঁর পরিবারকেও আতঙ্কের মধ্যে রাখছে। ঝিলম জানান, তাঁর বাবাও সেই সমস্ত কমেন্ট পড়েন। ফলে তিনি সবসময় তটস্থ হয়ে থাকেন— এই বুঝি বাবা ওসব নিয়ে আলোচনা শুরু করবেন, যার ফল তাঁর জন্য ভালো হবে না।
নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে তিনি আরও লেখেন, তিনি নিজে নিয়মিত হাই প্রেশার ও হার্টের ওষুধ খান। সদ্য তাঁর একটি অপারেশনও হয়েছে, তবুও জীবিকার তাগিদে কাজ শুরু করেছেন এবং হাসিখুশি থাকার চেষ্টা করছেন। কিন্তু প্রতি মুহূর্তের এই মানসিক আঘাতে তিনি রোজ একটু একটু করে ভেঙে পড়ছেন এবং বুঝতে পারছেন যে মানসিক অবসাদ তাঁকে গ্রাস করতে শুরু করেছে।
কাছের মানুষজন তাঁকে থেরাপিস্টের কাছে যাওয়ার পরামর্শ দিলেও, তাঁর মনের ক্ষত আদৌ রোগের পর্যায়ে পড়েছে কি না তা বুঝে উঠতে পারছেন না তিনি। অপারেশনের পর ভালো থাকবেন ভেবেছিলেন, কিন্তু তিনি মোটেই ভালো নেই।
তবুও সব ঘৃণার মাঝে মন ভালো করে দিলেন শ্রীরামপুরের ‘কাজল কাকা’:
চারপাশের এই তীব্র বিষ ও ঘৃণার মাঝেই দিনশেষে এক টুকরো নির্ভেজাল ভালোবাসা ঝিলমের মন ভালো করে দিয়েছে। তিনি জানান, বাড়ি ফেরার সময় শ্রীরামপুরের অত্যন্ত পরিচিত মুখ ‘কাজল কাকা’-র রিকশায় ওঠার পর কাকা অত্যন্ত নরম গলায় তাঁকে জিজ্ঞেস করেন, 'আজ এত দেরিতে ফিরলি?'
বাড়ির সামনে নামিয়ে দিয়ে কাজল কাকা জানান যে ঝিলমের কথা মতো তিনি ঠিকমতো খাওয়াদাওয়া করছেন এবং তাঁর চেহারাও আগের চেয়ে একটু ভালো হয়েছে। উত্তরে ঝিলমও হাসিমুখে তাঁকে খাওয়াদাওয়া করে ‘বিন্দাস’ থাকার পরামর্শ দেন।
পোস্টের শেষে আবেগঘন হয়ে ঝিলম লেখেন, ‘কাকার গলায় ‘আজ এত দেরিতে ফিরলি?’ শুনে মনে হলো, যাক, সবাই আমায় ঘেন্না করে না। কিছু লোক আজও মন থেকে আমার কুশল জানতে চায়। কিছু মানুষের কাছে আমি পাপ নই…’।
ঝিলমের এই পোস্ট সামনে আসতেই অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত নেতিবাচকতা ভুলে তাঁকে শক্ত থাকার ও নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার বার্তা দিয়েছেন।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।