ধারাবাহিকের গল্পে এখন টানটান উত্তেজনা। নীতি-আদর্শের লড়াইয়ে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ যেমন কড়া শিক্ষিকা, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনেও ঝড় কম নয়। চিত্রনাট্যের প্যাঁচে অর্ণব অর্থাৎ রাজঋতের সঙ্গে বিদ্যার বিয়ে হয়ে গিয়েছে বেশ আগেই। তবে সাতপাক ঘোরার পর থেকেই দর্শকের নজর কাড়ছে তাঁদের অন-স্ক্রিন রসায়ন। কিন্তু টেলিপাড়ার অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা— বিদ্যা আর রাজঋতের প্রেম নাকি স্রেফ ক্যামেরার সামনে সীমাবদ্ধ নেই! বিদ্যা যদিও বায়োলজির প্রফেসর, তবে অর্ণবের সঙ্গে নাকি স্বস্তিকার কেমিস্ট্র এখন জমজমাট।

পোশাকের রঙে মনের ছোঁয়া:
সম্প্রতি স্বস্তিকা একটি ছবি পোস্ট করেছেন যেখানে অর্ণবের কাঁধে মুখ গুঁজে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা, ‘অনেকটা একরকমের’। যদিও দু’জন হুবহু এক রঙের পোশাক পরেননি, কিন্তু স্বস্তিকার শাড়ির গোলাপি আভা যেন অর্ণবের পাঞ্জাবিতেও প্রতিফলিত হচ্ছিল। এই ‘কালার কোঅর্ডিনেশন’ দেখেই নেটিজেনদের মনে প্রশ্ন— তবে কি এবার বাস্তবেও একে অপরের প্রেমে মজেছেন এই দুই তারকা?
এই প্রথম নয়, এর আগেও অর্ণবের সঙ্গে ঠিকই একইরকম কায়দায় রোম্যান্টিক ছবি তুলে স্বস্তিকা অনুরাগীদের সামনে প্রশ্ন রেখেছিলেন- বন্ধু নাকি প্রেমিক?
স্বস্তিকার জীবনে শোভন অতীত অধ্যায়। অর্ণবের সঙ্গেও বিয়ে ভেঙেছে ইপ্সিতার। তবে কি বিদ্যা-রাজঋতের রসায়ন বাস্তবে গড়াল? আনন্দবাজার ডট কমকে স্বস্তিকা সাফ জানান, ‘রিলে প্রেম করছি কি না দাদা (স্নেহাশিস চক্রবর্তী) বলতে পারবেন। রিয়েলে নয়।’ প্রেমের জল্পনার কথা হেসে উড়িয়ে দিয়েছেন অর্ণবও।
টিআরপি-তে দাপট:
স্নেহাশিস চক্রবর্তীর এই মেগা ধারাবাহিকটি ইতিমধ্যেই ১০০ পর্ব পার করে ফেলেছে। টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বিদ্যা আর রাজঋতের কাহিনি। স্বস্তিকা নিজেই জানিয়েছেন যে, বিরতি নেওয়ার পর এমন একটি ‘মলাট চরিত্র’ দিয়ে প্রত্যাবর্তন তাঁর সার্থক হয়েছে। অর্ণবের সঙ্গে তাঁর সাবলীল অভিনয় এবং খুনসুটি দর্শকরা দারুণ পছন্দ করছেন।
সব মিলিয়ে, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র সেটে যেমন কাজের ধুম, তেমনই পর্দার বাইরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলোও এখন খবরের শিরোনামে। অর্ণব আর স্বস্তিকার এই মিষ্টি রসায়ন কি শুধুই কাজের সূত্রে, না কি পর্দার বাইরেও নতুন কোনো গল্পের শুরু? উত্তর পেতে আগ্রহী ভক্তরা।