নানা পাটেকর, এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘ চলচ্চিত্র জীবনের প্রত্যেক চরিত্রকে করে তুলেছিলেন জীবন্ত। কমেডি হোক অথবা নেতিবাচক চরিত্র, নানা পাটেকরের অভিনয় ছোঁয়ায় তা বারবার হয়ে উঠেছে স্পেশাল। গতকাল ভোররাতে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন নানা। অভিনেতার আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে টলিউড থেকে বলিউড, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

নানা পাটেকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নানা পাটেকরের লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন প্রসেনজিৎ নিজেও। সে কথা তিনি জানিয়েছেন নিজের পোষ্টের মাধ্যমে। চিরকালই নানা পাটেকরের কাজ এবং প্রতিভার যে তিনি কত বড় ভক্ত ছিলেন, তা ফুটে উঠেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লেখায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘নানা পাটেকরের প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের জন্য এক গভীর বেদনাদায়ক ক্ষতি। আমি চিরকাল ওঁর অসাধারণ প্রতিভার ভক্ত ছিলাম। ওঁর শক্তিশালী অভিনয় আমাকে শুধু নয় প্রজন্মের পর প্রজন্ম, প্রত্যেক অভিনেতাদের অনুপ্রাণিত করেছে। উনি চির শান্তিতে থাকুক, ওঁর কীর্তি আমাদের সকলের মধ্যে চিরকাল বেঁচে থাকুক।’
নানা পাটেকরের প্রয়াণে জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, কিয়ারা আদভানি ও রকুল প্রীত সিং সহ ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর সমবেদনা জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ (O'Romeo) ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে।