দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক রাজা সেন। চলতি বছরের শুরুতেই কোমরে অপারেশন হয়েছিল তাঁর। এরপরেই আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক। কিন্তু গত দুদিন শারীরিক অবস্থার অবনতি হয়, পরিচালককে রাখতে হয় ভেন্টিলেশনে।

রাজা সেনের স্বাস্থ্যের আপডেট প্রতিনিয়ত দেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেন। গতকাল স্বামীর সুস্থতা কামনা করতে সকলকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হল না। রবিবার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭১ বছর।
আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?
পরিচালকের প্রয়াণে সমাজের মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিজের সেই পোস্টে তিনি লেখেন, ‘একজন কিংবদন্তির বিদায় সবসময় বেদনাদায়ক। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান আমাদের কাছে অমূল্য। রাজাদা, আপনাকে শ্রদ্ধায় স্মরণ করছি। আপনার স্মৃতি এবং সৃষ্টি চিরকাল থেকে যাবে।’
প্রসঙ্গত, ‘দামু’ ছবির হাত ধরে প্রথম পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এছাড়াও তিনি পরিচালনা করেছিলেন ‘দেশ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘একদিন প্রতিদিন’, ‘মায়া মৃদঙ্গ’, ‘দীপশিখা’, ‘আত্মীয়-স্বজন’, ‘তিন মূর্তি’ সহ বহু ছবি।
আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক
১৯৯৭ সালে পরিচালকের পরিচালিত ধারাবাহিক ‘সুবর্ণলতা’ বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৯২ সালে সংগীত শিল্পী সুচিত্রা মিত্রের ওপর প্রামাণ্য চিত্রের জন্য জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি।