...
...
Next Story

'বাবার কোলে মাকে দেখেছি', মন্তব্যে হন ট্রোল! এবার রীতেশের কোলে জেনেলিয়া-র ছবি শেয়ার করে বিতর্কে ঘৃতাহুতি রাহুল গান্ধীর

রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার মিষ্টি মুহূর্তের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা। মঙ্গলবার এই তারকা দম্পতির একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে জুড়ে দিলেন শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘কহি তো তু মিল জায়ে’।

Published on: Nov 25, 2026, 10:26:57 IST
Advertisement

তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার প্রেমের রসায়ন বরাবরই অনুরাগীদের নজর কাড়ে। তাঁদের মিষ্টি মুহূর্তের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হামেশাই হয় ভাইরাল। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রীতেশ ও জেনেলিয়ার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। ছবির সঙ্গে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর গান ‘কহিঁ তো তু মিল জায়ে’ জুড়ে দেন রাহুল। তাঁর এই পোস্ট ঘিরেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।

রীতেশের কোলে বসে খাইয়ে দিচ্ছেন জেনেলিয়া, ছবি শেয়ার করে নিলেন রাহুল গান্ধী। (instagram)
রীতেশের কোলে বসে খাইয়ে দিচ্ছেন জেনেলিয়া, ছবি শেয়ার করে নিলেন রাহুল গান্ধী। (instagram)

কী ছিল রীতেশ-জেনেলিয়ার ছবিতে?

মঙ্গলবারই ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন রীতেশ দেশমুখ। সেখানে দেখা যাচ্ছে, একটি রেস্তরাঁয় একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। রীতেশ বসে রয়েছেন চেয়ারে, আর তাঁর কোলে বসে রয়েছেন জেনেলিয়া। স্বামীর কোলে বসেই তাঁকে পিৎজা খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। তাঁদের সামনের টেবিল ভর্তি নানা ধরনের খাবার।

ছবিটি পোস্ট করে মজার ছলে রীতেশ লিখেছিলেন, ‘দু’জনের জন্য টেবিল, কিন্তু চেয়ার মাত্র একটাই।’ দম্পতির এই খুনসুটি ভরা মুহূর্তই এবার ভাগ করে নিলেন রাহুল গান্ধী। তবে ছবির সঙ্গে শাহরুখের ‘কিং’-এর গান জুড়ে দেওয়ায় পোস্টটি ঘিরে কৌতূহল আরও বেড়েছে।

রাহুল গান্ধীর এই পোস্ট এমন এক সময়ে সামনে এল, যখন সম্প্রতি তাঁর বাবা-মা সোনিয়া গান্ধী ও রাজীব গান্ধীর সম্পর্ক নিয়ে করা একটি মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। কয়েক দিন আগে সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রকাশ অনুষ্ঠানে নিজের শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছিলেন রাহুল।

ছোটবেলায় পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়ার মুহূর্তগুলির কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, খাওয়ার সময় তাঁর মা প্রায়ই বাবার কোলে বসতেন। তখন বিষয়টিকে খুব স্বাভাবিক বলেই মনে হত তাঁর। কিন্তু বন্ধুদের বাড়িতে গিয়ে দেখতেন, তাঁদের বাবা-মায়ের মধ্যে এমন দৃশ্য দেখা যায় না। এমনকী একবার বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন, তাঁদের মায়েরা কেন বাবাদের কোলে বসেন না! রাহুলের সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল বিতর্ক।

কাজের দিক থেকে কী করছেন রিতেশ-জেনেলিয়া?

পেশাগত জীবনেও ব্যস্ত রয়েছেন রীতেশ ও জেনেলিয়া। জেনেলিয়াকে আগামী দিনে দেখা যাবে ‘গান মাস্টার জি৯’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। ছবিটির সঙ্গে আয়ুষ্মান খুরানার ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র বক্স অফিসে সংঘাত হওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবিতে অভিনয় করতে চলেছেন জেনেলিয়া। তবে ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

অন্য দিকে, রীতেশকে শেষবার দেখা গিয়েছে ‘ধামাল ৪’ ছবিতে। আপাতত তাঁর আগামী কাজ নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে কাজের খবরের বাইরেও রীাতেশ-জেনেলিয়ার ব্যক্তিগত জীবনের এই মিষ্টি মুহূর্ত যে অনুরাগীদের নজর কেড়েছে, তা বলাই যায়।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks