...
...
Next Story

স্বয়ম্বর করে বাঙালি মেয়ে ডিম্পিকে বিয়ে! তিনবার ডিভোর্স, চতুর্থবার ছাদনাতলায় রাহুল মহাজন, তার আগে থাকতে চান লিভ ইনে

তিনটি বিয়ে ভেঙেছে, কিন্তু প্রেম কিংবা বিয়ের উপর থেকে বিশ্বাস হারাননি রিয়্যালিটি শো ‘বিগ বস’-খ্যাত রাহুল মহাজন। বরং চতুর্থবার বিয়ের পরিকল্পনা করছেন তিনি। তবে এবার আর তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চান না। বিয়ের আগে হবু জীবনসঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার কথাও জানালেন ৫১ বছর বয়সি রাহুল।

Published on: Nov 25, 2026, 09:58:35 IST
Advertisement

তিনবার বিয়ে ভেঙেছে তাঁর। জীবনের একের পর এক সম্পর্কের ওঠাপড়া দেখেছেন রাহুল মহাজন। কিন্তু তাতে প্রেম কিংবা বিয়ের প্রতি বিশ্বাস একেবারেই হারিয়ে যায়নি তাঁর। বরং ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ‘বিগ বস’-খ্যাত এই রিয়্যালিটি শো তারকা। সম্প্রতি উজ্জ্বল ত্রিবেদীর পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং চতুর্থ বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ৫১ বছর বয়সি রাহুল।

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুল মহাজন? (Instagram)
চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুল মহাজন? (Instagram)

চতুর্থ বিয়ে কবে করছেন রাহুল?

পডকাস্টে রাহুল জানান, তিনি চতুর্থবার বিয়ে করতে আগ্রহী। এমনকী আগামী বছরের মধ্যেই বিয়ে সেরে ফেলতে পারেন বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বয়স যত বাড়বে, বিয়ের সম্ভাবনাও তত কমতে থাকবে। তাই আর বেশি দেরি করতে চান না। তিনবার বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা থাকলেও বিয়ের প্রতি তাঁর বিশ্বাস এখনও অটুট। রাহুলের কথায়, তিনি মনে করেন বিয়েতে বিশ্বাস রাখা মানুষদের মধ্যে তিনি অন্যতম।

বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে থাকতে চান

তবে এবার আগের মতো তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে নারাজ রাহুল। নিজের আগের তিনটি বিয়ে ভেঙে যাওয়ার পিছনে দ্রুত সিদ্ধান্ত নেওয়াকেই দায়ী করেছেন তিনি। তাই এবার বিয়ের আগে হবু জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। রাহুল জানিয়েছেন, বিয়ের আগে অন্তত ছ’মাস থেকে এক বছর লিভ-ইন সম্পর্কে থাকতে চান তিনি। এমনকী এক-দু’বছর একসঙ্গে ডেট করার পরেও বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন।

একাকিত্ব নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন রাহুল। তাঁর মতে, জীবনের পথচলা ভাগ করে নেওয়ার জন্য একজন সঙ্গী থাকা প্রয়োজন। তিনি বলেন, কোনও না কোনও সম্পর্কে তিনি থাকবেনই। কারণ, জীবনে ভীষণ একা হয়ে পড়াটা কঠিন। এমন কাউকে চান, যিনি তাঁর জীবনের যাত্রার সাক্ষী থাকবেন। একইভাবে তিনিও অন্য কারও জীবনের সঙ্গী ও সাক্ষী হয়ে থাকতে চান।

কম বয়সে বিয়ের পক্ষপাতী রাহুল

রাহুলের মতে, কম বয়সে বিয়ে করাই সবচেয়ে ভালো। কারণ, অল্প বয়সে বিয়ে করলে দু'জন মানুষ একসঙ্গে বড় হয়ে ওঠেন, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যান। তাঁর পর্যবেক্ষণ, ২০ থেকে ২৫ বছর বয়সে বিয়ে করেছেন, এমন অনেক দম্পতির সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়েছে। যদিও নিজের জীবনে সেই অভিজ্ঞতা হয়নি বলেই আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর কথায়।

তিনবার বিয়ে, তিনবারই বিচ্ছেদ

রাহুল মহাজনের প্রথম বিয়ে হয়েছিল ২০০৬ সালে পেশায় পাইলট শ্বেতা সিংয়ের সঙ্গে। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০০৮ সালের দিকে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১০ সালের মার্চ মাসে রিয়্যালিটি শো ‘রাহুল দুলহনিয়া লে জায়েগা’-র স্বয়ম্বরের মাধ্যমে ডিম্পি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। কয়েক বছরের মধ্যেই সেই দাম্পত্যেও ইতি পড়ে।

এরপর ২০১৮ সালের নভেম্বরে কাজাখস্তানের মডেল নাতালিয়া ইলিনার সঙ্গে তৃতীয়বার বিয়ে করেন রাহুল। প্রায় পাঁচ বছর একসঙ্গে থাকার পর ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তিনটি সম্পর্ক ভেঙে গেলেও ফের নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখছেন তিনি। তবে এবার সম্পর্কের ক্ষেত্রে ধীরে এগোনোই তাঁর মূল লক্ষ্য।

 

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks