প্রতিজ্ঞার সাফল্যের মাঝেই স্টার জলসায় নতুন মেগা সিরিয়াল আনতে চলেছেন রাজ চক্রবর্তী, টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এমনই গুঞ্জন। বুধবারই নাকি সেই মেগার প্রোমোর শ্যুটিং হয়ে গিয়েছে উত্তর কলকাতায়।

আর রাজ চক্রবর্তীর সেই আসন্ন মেগায় সবচেয়ে বড় চমক হলেন সোহম বসু রায়চৌধুরী। চর্চা, এই মেগায় সোহমের বিপরীতে থাকবেন ‘তুই আমার হিরো’ খ্যাত মোহনা মাইতি। 'রাখি বন্ধন'-এর খুদে 'বন্ধন' চরিত্র— নিজের নিখুঁত অভিনয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সোহম। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এক লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। পড়াশোনা ও অন্যান্য কাজের কারণে বেশ কিছু বছর ছোট পর্দা থেকে দূরেই ছিলেন সোহম। গত বছর আকাশ আটের খনা-তে দর্শক দেখেছে তাঁকে।
এবার সোহমের কেরিয়ারে বড় লিপ। শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর আসন্ন মেগা আর্শীবাদে লিড রোলে থাকছেন সোহম, মানে সেই ছোট্ট বন্ধন। যে এখন আর ছোট নেই। খুদে বন্ধন-এর ইমেজ কাটিয়ে এবার প্রাপ্তবয়স্ক ও কেন্দ্রীয় চরিত্রে নতুন লুকে দর্শকদের সামনে ধরা দিতে প্রস্তুত তিনি।
ওদিকে ডান্স বাংলা ডান্সের সুবাদে লাইম লাইটে উঠে আসা মোহনাকে পরপর তিনটে জি বাংলার মেগায় দেখেছে দর্শক। রুবেলের সঙ্গে তুই আমার হিরো-তে দেখা যাওয়ার পর আপতত মেগা থেকে বিরতিতে ছিলেন মোহনা। অবশেষে ফিরছেন তিনি।
প্রিয় 'বন্ধন'-কে দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় দেখার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী ও টেলিপাড়ার দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়েছে। 'আশীর্বাদ' ধারাবাহিকের দর্শক পেতে চলেছে নতুন জুটি। মোহনা-সোহমকে কতখানি ভালোবাসা দেবে দর্শক, এখন সেটাই দেখবার।