বৃহস্পতিবার ১৫ অক্টোবর ছিল দেশু ৭-এর প্রিমিয়ার। দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম সিনেমার ট্রেলার ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। ছবি নিয়ে উন্মাদনা সেই ঘোষণা হওয়ার পর থেকেই। এমনকী, দেশু ৭ প্রথম বাংলা সিনেমা, যার প্রিমিয়ারের গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছিল ছবি মুক্তির মাস ছয় আগেই। এমনকী, তখন না সিনেমার নাম ঠিক হয়েছিল, না গল্প।

আপাতত দর্শক মনে প্রশ্ন, কেমন হল দেশু ৭? দেবের পরিচালনায় তৈরি প্রথম সিনেমা বলে কথা, উত্তেজনা তো থাকবেই। প্রিমিয়ারের পর পোস্ট এল রাণা সরকারের থেকে। রাণা-র প্রযোজিত ‘ধূমকেতু’ দিয়েই যাকে বলে ফের লাইমলাইটে এসেছিল দেব-শুভশ্রীর জুটি। এমনকী, এই সিনেমা চলাকালীন ভেঙেছিল তাঁদের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের মান-অভিমান।
কেমন হল দেশু ৭?
দেশু ৭ নিয়ে রাণা সরকার লিখলেন, ‘DeSu7 প্রিভিউ দেখলাম। দেব শুভশ্রীর সঙ্গে থাকলে ডায়লগবাজি তো হবেই, হলো ও। খুব ভালো লাগল আমার, ২ ঘণ্টা ৪৬ মিনিট কখন কেটে গেল বুঝতেই পারলাম না। দেব-এর প্রথম পরিচালনায় মেনস্ট্রিম বাংলা সিনেমা ইজ ব্যাক। পুজোয় সবাই হল ভরিয়ে বাংলা সিনেমা সেলিব্রেট করুন, হলে হলে হাউসফুল হোক। শুভ শারদীয়া সবাইকে।’
পুজোয় মুক্তি পাচ্ছে কোন চারটি বাংলা ছবি
পুজোতে বরাবরের মতো একগুচ্ছ বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে। দেশু ৭ ছাড়াও এই তালিকায় রয়েছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, একেন: কেরালায় কুরুক্ষেত্র ও এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। হল দখলের লড়াইয়ে অনেকখানি পিছিয়ে সৃজিতের এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। বরং কাঁটায় কাঁটায় টক্কর বহুরূপী ২, একেন আর দেশু ৭-এর। আর এবার সবটাই নির্ভর করবে দর্শকদের মনে কোন ছবি কতটা ধরে। মূলত দর্শকদের প্রতিক্রিয়ার উপরেই নির্ভর করবে ছবির ব্যবসা।
দেশু ৭-এর গল্প
বহু বছর ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা দুই পুরনো প্রেমিক-প্রেমিকার পুনর্মিলনের গল্প এই ছবি। যদিও সহজ-সরল সিনেমা বানাননি পরিচালক দেব। ছবির পটভূমিতে রয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত, অপরাধ জগত-সহ একাধিক আকর্ষণীয় মোড়। দেব-শুভশ্রী ছাড়াও এই ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য-রা।