নীতীশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এ ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের (Ranbir Kapoor) কাস্টিং নিয়ে চর্চা ও বিতর্ক যেন থামছেই না। এবার এই নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন আশির দশকের আইকনিক ধারাবাহিক ‘রামায়ণ’-এর স্রষ্টা রামানন্দ সাগরের নাতি শিব সাগর (Shiv Sagar)। বিশেষ করে সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিম্যাল’ (Animal) ছবিতে হিংস্র চরিত্রে অভিনয়ের পর রণবীরকে রামের রূপক চরিত্রে দেখা সাধারণ দর্শকের পক্ষে মেনে নেওয়া কঠিন বলে দাবি তাঁর।

‘পুরোনো ভূমিকার নেতিবাচক প্রভাব পড়বে রণবীরের ওপর’
সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শিব সাগর জানান, ছবির মূল চরিত্রটি বাদ দিলে বাকি তারকা নির্বাচন তাঁর বেশ পছন্দ হয়েছে। তবে রণবীরের ক্ষেত্রে তাঁর তীব্র আপত্তি রয়েছে।
শিব সাগরের ভাষায়, ‘সেই একটি কাস্টিং বাদ দিলে বাকি নির্বাচনগুলো আমার খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি রামের চরিত্রে রণবীর কাপুরকে মেনে নিতে পারছি না। ‘অ্যানিম্যাল’ দেখার পর অন্তত তাঁকে রাম হিসেবে গ্রহণ করা অসম্ভব! আমার মনে হয় শ্রীরামচন্দ্রের চরিত্রের জন্য কোনো নতুন মুখকে নেওয়া উচিত ছিল।’
রণবীরের অভিনয় দক্ষতার প্রশংসা করলেও প্রবীণ পরিচালকের নাতি মনে করেন, বাজারজাতকরণ বা বাণিজ্যিক সুবিধার জন্যই হয়তো রণবীরকে বেছে নেওয়া হয়েছে। তাঁর মতে, নতুন কোনো মুখকে এই ধরনের পৌরাণিক চরিত্রে নেওয়া হলে তাঁদের পেছনে কোনো পুরোনো ইমেজের ‘বোঝা’ বা অতীত ভূমিকার ছায়া থাকে না, যা দর্শককে সহজেই চরিত্রটির সঙ্গে জুড়ে দেয়।
যশ ও সাই পল্লবীর প্রশংসায় শিব সাগর
{{/usCountry}}যশ ও সাই পল্লবীর প্রশংসায় শিব সাগর
{{/usCountry}}রণবীরকে নিয়ে আপত্তি থাকলেও রাবণ চরিত্রে কন্নড় তারকা যশ (Yash) এবং সীতা চরিত্রে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর (Sai Pallavi) নির্বাচনকে তিনি সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘পার্শ্বচরিত্রগুলো ভীষণ শক্তিশালী। যশকে দারুণ দেখাচ্ছে, সাই পল্লবীকেও খুব মানিয়েছে। তাঁদের এত পুরোনো চরিত্রের ইমপ্যাক্ট বা ‘ব্যাগেজ’ নেই।’
তবে চূড়ান্ত সিদ্ধান্ত শেষপর্যন্ত আমজনতার ওপরই ছেড়ে দিয়েছেন শিব। তিনি অকপটে স্বীকার করেন, ‘সবশেষে সাধারণ দর্শকই রাজা। সিনেমাটি মুক্তির পর তাঁরা যদি রণবীরকে গ্রহণ করেন, তবে আমার ব্যক্তিগত মতের কোনো গুরুত্ব থাকবে না।’
কী থাকছে এই নতুন ‘রামায়ণ’-এ?
প্রখ্যাত প্রযোজক নামিত মালহোত্রা এবং পরিচালক নীতীশ তিওয়ারির এই রামায়ণ দুই পর্বে তৈরি হতে চলেছে। রাম চরিত্রে রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ ছাড়াও এতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানি দেওল ও রবি দুবে। বিশেষ দ্রষ্টব্য, রামানন্দ সাগরের রামায়ণে রামের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা অরুণ গোভিল এই ছবিতে রাজা দশরথের ভূমিকায় দেখা দেবেন। চলতি বছরের নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই মহাকাব্যিক ছবির প্রথম পর্ব।