রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি-র সংসার ভাঙায় কদিন আগেই নাম জড়ায় হাঁটুর বয়সী নায়িকা অভিকা মালাকারের। যদিও অভিকার সঙ্গে নাম জড়ানোয় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন রণজয়। কড়া ভাষায় প্রতিবাদ করেছিলেন। ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

অভিকাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন। ক্যাপশনে লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে ছুটি মালাকার। খুব ভালো থাক, সুস্থ থাক। আরো ভালো কাজ কর। এটা সবেমাত্র শুরু। সবসময় নিজের দর্শকের প্রতি কৃতজ্ঞ থাকবি।’
অভিকার উদ্দেশে রণজয় আরও লেখেন, ‘বিনম্র থাক, লক্ষ্যে অবিচল থাক... নিজের লক্ষ্য অর্জন কর... আর গড়ে তোল তোর নিজস্ব এক সাম্রাজ্য।’ রণজয়ের পোস্ট করা ছবিতে দেখা গেল প্রতিজ্ঞা-র সেটে সকলে মিলে অভিকার জন্মদিনের কেক কেটেছেন।এমনকী, জন্মদিনের সেই কেকের ক্রিম দেখা গেল অভিকার সারা মুখে।
ব্যক্তিগত জীবনে হামেশাই বিতর্কের মুখে পড়েন অভিনেতা রণজয়। গত মাসে খবর আসে, মাত্র পাঁচ মাসেই ভাঙতে বসেছে তাঁর আর শ্যামৌপ্তি মুদলির বিয়ে। দুজনে চলতি বছরের ভ্য়ালেন্টাইন্স ডে-র দিন সাত পাকে পাধা পড়েছিলেন। আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় রণজয় আর অভিকার জুটি জনপ্রিয়তা পেয়েছে, তাই কিছু মানুষ দুজনের নাম নিয়ে শুরু করে কাদা ছোড়াছুড়ি।
বাধ্য হয়ে ভিডিয়ো দিয়ে বিরক্তি জাহির করেন রণজয়। অভিকার সঙ্গে প্রেমের এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেন। তিনি আরও বলেন, কারও সঙ্গে কিছু লুকোনোর থাকলে সোশ্যাল মিডিয়ায় এত ছবি দিতেন না।
রণজয় বলেছিলেন, ‘রোম্যান্টিক সিরিয়াল হলে দর্শকের উচ্ছ্বাস থাকতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তা বলে লোকে সেটা নিয়ে নিজে স্পেকুলেসান করে লেখা শুরু করল সেটা তো হবে না। তাতে কি সত্যি পালটে যাবে? আমি যদি কারুর (অভিকার) সাথে প্রেম করি তাহলে তো লুকিয়ে প্রেম করব, তাহলে কি রোজ ছবি দেব? আমার বুদ্ধি কি হাঁটুর নীচে? আমি কি ওপেনলি প্রেম করব। এটা অটোরিটি আছে (চ্যানেল, প্রোডাকশন হাউজ) তারা চায় আমরা ছবি দিই, সেখানে তো আমি বলার জায়গায় নেই যে ছবি দেব না….আমি কি পাগল, আমি তো সুস্থ একটা লোক।’