...
...
Next Story

Ranveer Singh: ‘ঝুকেগা নেহি’, ডন ৩ বিতর্কে নিষিদ্ধ! পাল্টা হিসেবে ফেডারেশনকে কোর্টে টানলেন রণবীর

কদিন আগে বাংলায় অনির্বাণ ভট্টাচার্যর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন। সরকার বদলের সঙ্গেই সেই বিতর্ক শেষ, তবে মুম্বইয়ে একই পরিস্থিতির সম্মুখীন রণবীর সিং। ডন ৩ বিতর্কের জেরে তাঁর সঙ্গে অসহযোগিতার নির্দেশ ফেডারেশনের। পালটা চাল নায়কের।

Published on: Jun 3, 2026, 07:30:28 IST
Advertisement

বলিউড সুপারস্টার রণবীর সিং (Ranveer Singh) এবং ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE)-এর মধ্যকার সংঘাত এবার এক চরম নাটকীয় মোড় নিল। বেশ কিছুদিন ধরে চলতে থাকা ওঁর ওপর অঘোষিত ‘ব্যান’ বা বয়কটের জল্পনা এবার সোজা আদালতের দোরগোড়ায় পৌঁছে গেল। গত সপ্তাহে ফেডারেশনের পক্ষ থেকে নায়কের বিরুদ্ধে জারি করা ‘অসহযোগিতা’র নির্দেশের পাল্টা হিসেবে, এবার ওই সিনেমা কর্মী সংগঠনের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করলেন স্বয়ং ‘ডন’!

‘ঝুকেগা নেহি’, ডন ৩ বিতর্কে নিষিদ্ধ! পাল্টা হিসেবে ফেডারেশনকে কোর্টে টানলেন রণবীর (PTI)
‘ঝুকেগা নেহি’, ডন ৩ বিতর্কে নিষিদ্ধ! পাল্টা হিসেবে ফেডারেশনকে কোর্টে টানলেন রণবীর (PTI)

কেন হঠাৎ রণবীরের ওপর চটল ফেডারেশন? নেপথ্যে ৪৫ কোটির ক্ষতি!

লড়াইয়ের সূত্রপাত ফারহান আখতারের বহু প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘ডন ৩’ (Don 3) ছবিটিকে কেন্দ্র করে। গত ২৫ মে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় যে, ছবির পরিচালক ও প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি তাঁদের কাছে রণবীরের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রযোজকদের দাবি, ছবির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ এবং শ্যুটিং শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে আকস্মিকভাবে ছবি থেকে সরে দাঁড়ান রণবীর।

প্রযোজকদের দাবি, এই প্রি-প্রোডাকশনের পেছনে ইতিমধ্যেই ওনাদের প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। রণবীরের এই অনভিপ্রেত এবং হুট করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে প্রযোজকদের এক বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরপরই ফেডারেশনের সভাপতি অশোক পণ্ডিত এক প্রেস কনফারেন্সে জানান, রণবীরকে বারবার নোটিশ পাঠানো হলেও ওঁর তরফ থেকে কোনো জবাব মেলেনি। ফলস্বরূপ, ফেডারেশনের কোনও কর্মী বা সদস্য রণবীরের কোনও প্রজেক্টে কাজ করবেন না বলে এক ‘নন-কোঅপারেশন’ ডিরেক্টিভ জারি করা হয়, যা কার্যত বলিউডে ওঁর ওপর একপ্রকার নিষেধাজ্ঞা বা ব্যানের সমান! যদিও পরে অশোক পণ্ডিত দাবি করেন, এটি কোনও অফিশিয়াল ‘ব্যান’ নয়।

ফেডারেশনের এই চরম পদক্ষেপের পর রণবীর সিং নিজে প্রকাশ্যে মুখ না খুললেও, ওঁর টিম কিন্তু ছেড়ে কথা বলছে না। নায়কের টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রণবীর সিনেমা জগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে অত্যন্ত সম্মান করেন এবং সমস্ত পেশাদার আলোচনা সবসময় পরিপক্কতার সাথে সামলাতে বিশ্বাসী। কিন্তু পর্দার পেছনে জল যে অনেক দূর গড়িয়েছে, তা এবার স্পষ্ট হলো।

জানা গিয়েছে, গত মঙ্গলবার রণবীর সিং নিজের আইনজীবীদের মাধ্যমে মুম্বইয়ের এই শক্তিশালী সিনেমা কর্মী সংগঠনকে একটি কড়া আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ঠিক কী কী দাবি করা হয়েছে তা এখনও পুরোপুরি খোলসা না হলেও, এবার ফেডারেশনকে আদালতে দাঁড়িয়ে রণবীরের এই নোটিশের আইনি জবাব দিতে হবে। প্রসঙ্গত, আইনগতভাবে কোনো অভিনেতাকে ব্যান করার একচ্ছত্র অধিকার ফেডারেশনের নেই। ২০১৭ সালের একটি মামলায় কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (CCI) স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ফেডারেশনের এই ধরনের জোরপূর্বক বয়কটের নির্দেশ আইনত দণ্ডনীয় অপরাধ।

২০২৫-এর শেষ থেকে ঝুলে ‘ডন ৩’

২০২৩ সালে ফারহান আখতার যখন অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিং-এর ফার্স্ট লুক টিজার রিলিজ করেছিলেন, তখন ওড়িশা থেকে বাংলার দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু নানান কারণে ছবির কাজ পিছিয়ে যায় এবং শেষমেশ ২০২৫ সালের শেষের দিকে এসে এর প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে শুরু হয়েছিল। কিন্তু ২০২৬-এর জুনে এসে ছবির ভাগ্য এখন বিশ বাঁও জলে! এখন দেখার, আদালতের এই আইনি লড়াইয়ের পর রণবীর নিজের এই ‘ব্যান’ দশা কাটিয়ে আবার শ্যুটিং ফ্লোরে ফিরতে পারেন নাকি ফেডারেশনের সাথে রণবীরের এই সংঘাত টিনসেল টাউনের সমীকরণ আরও জটিল করে তোলে!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe