...
...
Next Story

CM on Bamakhyapa: 'প্রাইম টাইমে সাধক বামাক্ষ্য়াপা চালাতেই হবে', নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর, ধমক হল মালিকদের

‘চালাতেই হবে সাধক বামাক্ষ্যাপার শো, বন্ধ করা যাবে না!’ নবান্নে হল মালিকদের কড়া ধমক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর! দুপুর ৩টে থেকে রাত ৯টা— প্রাইম টাইমেই চলবে বাংলা সিনেমা, জানালেন রুদ্রনীল!

Published on: Nov 24, 2026, 16:15:37 IST
Advertisement

হিন্দি সিনেমার আগ্রাসনে বাংলা ছবির কোণঠাসা অবস্থা এবং প্রেক্ষাগৃহ থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া যাবতীয় জটিলতার অবসান ঘটল। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) যশরাজ ফিল্মস প্রযোজিত হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-কে জায়গা করে দিতে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো তুলে নেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন বাংলার একাধিক হল ও মাল্টিপ্লেক্স মালিকরা। বক্স অফিসে দারুণ ব্যবসা এবং হাউসফুল শো চলা সত্ত্বেও এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছিল টলিপাড়া। অবশেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকে হল মালিকদের কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, কোনওভাবেই ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো বন্ধ করা যাবে না এবং প্রাইম টাইমেই চালাতে হবে এই ছবি।

'প্রাইম টাইমে সাধক বামাক্ষ্য়াপা চালাতেই হবে', নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর, ধমক হল মালিকদের!
'প্রাইম টাইমে সাধক বামাক্ষ্য়াপা চালাতেই হবে', নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারীর, ধমক হল মালিকদের!

নবান্নের বৈঠকে কী কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নবান্নে প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং হল মালিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের পাশাপাশি সিনেপরিবেশক শতদীপ সাহা এবং হলমালিক অরিজিৎ দত্তরা। এছাড়াও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, বৈঠকে হল মালিকদের ভূমিকার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, ‘সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না। প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা।’

২. দুপুর ৩টে থেকে রাত ৯টা প্রাইম টাইমে চলবে বাংলা ছবি, কী জানালেন রুদ্রনীল ঘোষ?

বৈঠক শেষে বেরিয়ে স্বস্তি ও আত্মবিশ্বাসের সুর শোনা যায় টলিউডের প্রতিনিধিদের গলায়। অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সিনেমা প্রদর্শনের জট কেটেছে এবং থিয়েটার ও প্রেক্ষাগৃহের শো-স্লট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে:

রুদ্রনীলের কথায়, ‘বাংলা সংস্কৃতি বাঁচাতে এই সরকার চিন্তাভাবনা করছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাইম টাইমেই শো চলবে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বামাক্ষ্যাপার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। আপাতত ৫১টি শো আছে। পরে আরও বাড়বে।’

‘রামায়ণ’ থেকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’— বারবার বাধার মুখে পড়েও দর্শকদের ভালোবাসায় অটুট ‘সাধক বামাক্ষ্যাপা’:

উল্লেখ্য, এর আগেও বাংলা সিনেমার শো ও প্রাইম টাইম স্লট নিয়ে একাধিকবার বৈঠক হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বাংলায় করমুক্ত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে সংঘাত এড়াতে গত ৬ নভেম্বরের বদলে ২০ নভেম্বর মুক্তি পায় সব্যসাচী চৌধুরী অভিনীত ‘সাধক বামাক্ষ্যাপা’। মুক্তির পর মাত্র তিন দিনেই দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এমনকি প্রেক্ষাগৃহে ‘বামা’ বেশী সব্যসাচী চৌধুরীকে দেখে আধ্যাত্মিক আবেগে ভেসেছেন দর্শকরা, কেউ কেউ ঈশ্বরজ্ঞানে অভিনেতার পা ছুঁয়ে প্রণামও করেছেন। এত সাফল্যের পরও হিন্দি ছবির জন্য মাত্র এক সপ্তাহের মাথায় ছবিটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের জেরে আপাতত স্বস্তি ফিরল বাংলা চলচ্চিত্র মহলে।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks