...
...
Next Story

Sai Pallavi: ‘রান্না জানতে হবে…’, KBC-র মঞ্চে জীবনসঙ্গী বেছে নেওয়ার বিশেষ শর্ত ‘পর্দার মা সীতা’ সাই পল্লবীর!

তিনি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। শোবিজ জগতে তিনি সবার চেয়ে আলাদা। বোনের বিয়ে দিয়েছেন দাঁড়িয়ে থেকে, নিজের স্বামীর মধ্যে কোন কোন কোয়ালিটি খুঁজছেন সাই? জানালেন নিজেই!

Published on: Oct 30, 2026, 10:30:56 IST
Advertisement

নীতিশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখছেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। এই মুহূর্তে গোটা দেশের স্পটলাইট অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)-র ওপর। সম্প্রতি এই প্রতীক্ষিত ছবির প্রচারে ছবির সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবে-র সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (KBC 18)-এর মঞ্চে হাজির হয়েছিলেন সাই। সেখানেই সঞ্চালক অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান— কেমন পুরুষকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে চান? বিগ বির এই প্রশ্নের উত্তরে দারুণ জবাব দিয়ে দর্শকের মন জয় করে নেন দক্ষিণ ভারতের এই জনপ্রিয় তারকা।

‘রান্না জানতে হবে…’, KBC-র মঞ্চে জীবনসঙ্গী বেছে নেওয়ার বিশেষ শর্ত ‘পর্দার মা সীতা’ সাই পল্লবীর! (AFP)
‘রান্না জানতে হবে…’, KBC-র মঞ্চে জীবনসঙ্গী বেছে নেওয়ার বিশেষ শর্ত ‘পর্দার মা সীতা’ সাই পল্লবীর! (AFP)

কেমন পাত্র পছন্দ সাই পল্লবীর?:

জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন, অমিতাভের এই প্রশ্নের উত্তরে সাই জানান যে তাঁর কোনো দীর্ঘ দাবিদাওয়ার তালিকা নেই।

সাই পল্লবী জানান, ‘প্রথমত তাঁকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক (Self-centred) হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন— অন্যের ওপর দোষ না চাপিয়ে।’

জীবনসঙ্গীর মধ্যে এই গুণগুলোর পাশাপাশি একটু মুচকি হেসে সাই একটি বিশেষ শর্ত যোগ করে বলেন, ‘খুব বড় কোনো তালিকা নেই, তবে মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তাঁর যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!’

‘ডাক্তারি ছেড়ে অভিনয়ে’ ও ‘সীতা’ চরিত্রের অনুভূতি:

শো-এর আড্ডায় অমিতাভ বচ্চন সাইয়ের ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাই পল্লবী জানান, ঈশ্বরই তাঁর ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন। অমিতাভ বচ্চন খানিকটা অবাক হলে পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ যা শুনে হেসে ফেলেন উপস্থিত দর্শকেরা।

৪,০০০ কোটি বাজেটের মেগা ‘রামায়ণ’:

যশ ও নামিত মলহোত্রা প্রযোজিত ৪,০০০ কোটি টাকা বাজেটের এই দুই পর্বের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এছাড়া অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে আসার কথা রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks