...
...
Next Story

২০ বছর বয়স থেকে পিটিএ মিটিংয়ে সইফ, ৫৫-তেও একই স্কুলে! মজা করে বললেন, বদলে গিয়েছেন শিক্ষকরাও

চার সন্তানের বাবা সইফ আলি খানের জীবনে যেন একই ঘটনার পুনরাবৃত্তি! ২০ বছর বয়সে প্রথম পিটিএ মিটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। এখন ৫৫ বছর বয়সেও সেই একই স্কুলে যেতে হচ্ছে তাঁকে। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে স্ত্রী করিনা কাপুরের সঙ্গে এসে এমনই মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন সইফ।

Published on: Oct 19, 2026, 15:00:44 IST
Advertisement

রসবোধ, বুদ্ধিদীপ্ত কথা আর সাবলীল রসিকতায় বলিউডে বরাবরই আলাদা জায়গা রয়েছে সইফ আলি খানের। সম্প্রতি স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই নিজের পারিবারিক জীবনের এক মজার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। চার সন্তানের বাবা সইফ জানান, কয়েক দশক ধরে একই স্কুলে অভিভাবক-শিক্ষক বৈঠক বা পিটিএ (Parent-Teacher Association) মিটিংয়ে যেতে হচ্ছে তাঁকে। তাঁর এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকরা।

সইফ ও করিনা।
সইফ ও করিনা।

২০ বছর বয়সে প্রথম পিটিএ মিটিং, ৫৫-তেও একই স্কুলে সইফ!

অনুষ্ঠানে সইফকে প্রশ্ন করা হয়, সন্তানদের স্কুলের পিটিএ মিটিংয়ে সাধারণত কে যান—তিনি, নাকি করিনা? উত্তরে অভিনেতা বলেন, ‘প্রথমত, ওই স্কুলে আমার চার সন্তান পড়েছে। তবে তারা বিভিন্ন বয়সে সেখানে পড়াশোনা করেছে। যখন আমার বয়স ২০ বছর, তখন প্রথম পিটিএ মিটিংয়ে গিয়েছিলাম। তার পর ৩০ বছর বয়সেও গিয়েছি। এখন ৫৫ বছর বয়সেও সেই একই স্কুলে দাঁড়িয়ে রয়েছি। স্কুলের শিক্ষকেরা বদলে গিয়েছেন, কিন্তু আমি একই রয়ে গিয়েছি।’

উল্লেখ্য, প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সইফের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। ১৯৯১ সালে বিয়ে করেছিলেন তাঁরা। ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে করিনা কাপুর খানকে বিয়ে করেন সইফ। এই দম্পতির দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খান।

সইফ ও করিনা একসঙ্গে ‘এলওসি: কার্গিল’ (২০০৩) এবং ‘ওমকারা’ (২০০৬)-র মতো ছবিতে অভিনয় করেছেন। তবে ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। পরে ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’-এর মতো ছবিতেও একসঙ্গে কাজ করেন তাঁরা।

প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বইয়ে বিয়ে করেন সইফ ও করিনা। ২০১৬ সালের ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। এরপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে পরিবারে আসে ছোট ছেলে জেহ।

কোন ছবিতে দেখা যাবে সইফ ও করিনাকে?

কাজের দিক থেকে সইফ আলি খানকে আগামী দিনে দেখা যাবে ‘হাম হিন্দুস্তানি’ ছবিতে। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই পিরিয়ড ড্রামায় স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন আয়োজনের নেপথ্যের নানা চ্যালেঞ্জ তুলে ধরা হবে। নেটফ্লিক্সের এই ছবিতে সইফের সঙ্গে রয়েছেন প্রতীক গান্ধী ও দীপক ডোব্রিয়াল। তবে ছবিটির মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, করিনা কাপুর খানকে শেষবার দেখা গিয়েছে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে। ২০২৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks