বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং শার্বরী তাঁদের নতুন ছবি ‘আলফা’-কে ঘিরে আলোচনায় রয়েছেন। সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। ছবিতে আলিয়া ও শর্বরী-র অ্যাকশন দৃশ্যের প্রশংসা হলেও, গল্প এবং অভিনয়কে অনেকেই প্রত্যাশার তুলনায় দুর্বল বলে মন্তব্য করেছেন। এরই মধ্যে দুই অভিনেত্রীর প্রতি নিজের বন্ধুত্ব ও সমর্থনের পরিচয় দিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়না। তিনি মুম্বইয়ের একটি সম্পূর্ণ থিয়েটার বুক করে ফেলেছেন শুধুমাত্র ‘আলফা’ দেখার জন্য।
২৫০টি টিকিট বিলি করার ঘোষণা

সময় রায়না তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে এই খবর জানান। সেখানে তিনি লেখেন, ‘আগামীকাল আমি মুম্বইয়ে 'আলফা' দেখতে যাচ্ছি। আমি পুরো থিয়েটার বুক করেছি এবং তোমাদের মধ্যে ২৫০টি টিকিট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছি।’ এখানে তিনি তাঁর পেজের প্রি-সেল রেজিস্ট্রেশন করা অনুরাগীদের কথাই উল্লেখ করেছেন।
এরপর তিনি আরও লেখেন, ‘এটা আলিয়া এবং শর্বরীর প্রতি আমার ভালোবাসা প্রকাশ করার ছোট্ট একটা উপায়। ওরা আমার শো-এর প্রথম এপিসোডে এসেছিল এবং দু'জনেই দারুণ কুল ছিল। দু'জনের জন্য অনেক ভালোবাসা রইল। ওদের ছবি দেখার জন্য আমি ভীষণ উত্তেজিত।’
সময়ের শো-তে অতিথি হয়েছিলেন আলিয়া ও শার্বরী
সম্প্রতি সময় রায়নার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’-এর দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আলিয়া ভাট এবং শর্বরী। সেই পর্বে সময় মজার ছলে আলিয়ার আগের ছবি ‘জিগরা’ নিয়ে রসিকতা করেছিলেন। শুধু সময়ই নন, অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিযোগীরাও আলিয়া ও শর্বরীকে নিয়ে একাধিক মজার মন্তব্য করেন। এবার সেই বন্ধুত্বেরই প্রতিদান হিসেবে দুই অভিনেত্রীর নতুন ছবি ‘আলফা’-র জন্য গোটা একটি থিয়েটার বুক করে ফেললেন সময়।
'ইন্ডিয়াজ গট লেটেন্ট' ঘিরে বিতর্ক
{{/usCountry}}'ইন্ডিয়াজ গট লেটেন্ট' ঘিরে বিতর্ক
{{/usCountry}}উল্লেখ্য, গত বছর ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’-কে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছিল। অনুষ্ঠানে অতিথি হয়ে আসা ইউটিউবার রণবীর আলাহাবাদিয়ার একটি মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। সেই ঘটনার পর শো এবং নির্মাতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সময় রায়নার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তবে প্রায় এক বছর পর নতুন সিজন নিয়ে আবার ফিরেছে ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’। এবার ইউটিউবের পাশাপাশি অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি দেখা যাচ্ছে। সম্প্রতি সম্প্রচারিত হয়েছে দ্বিতীয় এপিসোড। সেই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা-কমেডিয়ান কিকু শারদা, লেখক হর্ষ লিম্বাচিয়া এবং চন্দন প্রভাকর। যদিও অনুষ্ঠানের অনেক দর্শকের দাবি, নতুন সিজনের পর্বগুলি আগের তুলনায় অনেক বেশি স্ক্রিপ্টেড বলে মনে হচ্ছে।