‘জীবনটা আর আগের মতো নেই…’, বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন সম্পূর্ণা
Sampurna Lahiri: গতবছর ২৯ জুলাই না ফেরার দেশে চলে যান নীলাদ্রি লাহিড়ী। বাবাকে হারানোর ছমাসের মধ্যেই মাকেও হারান অভিনেত্রী সম্পূর্ণ লাহিড়ী। মাত্র অল্প সময়ের মধ্যে এইভাবে বাবা-মাকে হারিয়ে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি।
Sampurna Lahiri: গতবছর ২৯ জুলাই না ফেরার দেশে চলে যান নীলাদ্রি লাহিড়ী। বাবাকে হারানোর ছমাসের মধ্যেই মাকেও হারান অভিনেত্রী সম্পূর্ণ লাহিড়ী। এত অল্প সময়ের মধ্যে এইভাবে বাবা-মাকে হারিয়ে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। সেই কষ্ট যে বিন্দুমাত্র কমেনি, তার আবার প্রমাণ পাওয়া গেল সম্পূর্ণার নতুন পোস্ট থেকে।
বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন সম্পূর্ণা
২০২৬, ২৯ জুলাই বাবার মৃত্যুবার্ষিকীতে এর আবেগঘন হয়ে পড়েন সম্পূর্ণা। বাবার সঙ্গে তোলা বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমি আর জানি না কি বলব। কোনও শব্দই যেন যথেষ্ট নয়। তুমি চলে যাওয়ার এক বছর হয়ে গেল, তবুও ব্যাপারটা যেন এখনো অবাস্তব মনে হয়। জীবনটা আর আগের মতো নেই। যেদিন তুমি চলে গেলে, তুমি অজান্তেই আমাকে রাতারাতি বড় করে দিলে। হঠাৎ করেই যেন সমস্ত দায়িত্ব নিজের কাজে তুলে নিতে হল যা কল্পনাও করিনি আমি। তোমার ছোট্ট মেয়ে হয়ে থাকার সুযোগটা আমি হারালাম।’
দীর্ঘ এক বছরে বাবাকে হারিয়ে কতটা যন্ত্রণায় ছিলেন সম্পূর্ণা, তার কিছুটা আন্দাজ পাওয়া যায় এই পোস্টের পরবর্তী লাইনগুলোতে। অভিনেত্রী লেখেন, ‘এমন একটা দিন বা একটা মুহূর্ত নেই যেখানে আমি তোমার অভাব বোধ করি না। আমি যা কিছুই করি, তার সবকিছুর মধ্যেই তোমার অনুপস্থিতি অনুভব করি। তবুও আমি বিশ্বাস করি তুমি এখনও আমার সঙ্গেই আছো। আমার ওপর নজর রাখছো, আমাকে রক্ষা করছো, প্রতিটি পদক্ষেপে আমাকে পথ দেখাচ্ছ।’
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘তুমি যেখানেই থাকো না কেন আমার হাতটা ধরে রেখো, তোমাকে আর মাকে গর্বিত করার শক্তি দিও আমাকে। ভালোবাসা দিয়ে প্রতিটি দায়িত্ব পালন করার সাহস দিও। জীবনে যাই আসুক না কেন, একজন ভালো মানুষ হয়ে থাকতে সাহায্য করো। চিরকাল তুমি আমার সুপারহিরো, আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। আবার দেখা হবে।’
প্রসঙ্গত, নীলাদ্রি লাহিড়ী হার্টের অস্ত্রোপচারের পর চেকআপ করতে যাওয়ার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ৬৬ বছর বয়সে প্রয়াত হন তিনি। তিনি শুধুমাত্র একজন অভিনেতা হিসাবে নয় একজন প্রযোজক এবং পরিচালক হিসেবেও ভীষণ পরিচিত ছিলেন।
Home/Entertainment/‘জীবনটা আর আগের মতো নেই…’, বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন সম্পূর্ণা