...
...
Next Story

'একবার বলছে ক্যানসার, একবার নিউমোনিয়া!', কলকাতার নামি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ অভিনেত্রী সংঘশ্রী সিনহার

৯০ বছরের শ্বশুরের চিকিৎসা করাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সংঘশ্রী। ফেসবুক লাইভে এসে কলকাতার এক নামি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি, রোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অতিরিক্ত বিল করার অভিযোগ তুলেছেন তিনি।

Published on: Jun 26, 2026, 19:10:19 IST
Advertisement

৯০ বছরের শ্বশুরের চিকিৎসা করাতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ তুললেন অভিনেত্রী সংঘশ্রী সিনহা। ফেসবুক লাইভে এসে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি, রোগ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়া এবং অতিরিক্ত বিল করার মতো একাধিক গুরুতর অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এমনকী, নিজের ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পাপিয়া অধিকারি, রুদ্রনীল ঘোষকে ট্যাগও করেন তিনি।

কলকাতার নামি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ সংঘশ্রী সিনহার।
কলকাতার নামি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ সংঘশ্রী সিনহার।

টলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ সংঘশ্রী। মেগা সিরিয়াল থেকে বড় পর্দা, এমনকী ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। হাসিখুশি এবং স্পষ্টবক্তা হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিত। তবে সম্প্রতি নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিয়ো করে সংঘশ্রী জানান, তাঁর ৯০ বছর বয়সী শ্বশুরমশাই, যিনি একজন প্রাক্তন নৌসেনা কর্মী, অসুস্থ হয়ে পড়ায় তাঁকে যাদবপুরের একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত আট দিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন। কিন্তু চিকিৎসার পুরো প্রক্রিয়া জুড়েই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

লাইভে এসে সংঘশ্রীর অভিযোগ, হাসপাতাল চিকিৎসার নামে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিচ্ছে, অথচ রোগীর ঠিক কী হয়েছে, তার কোনও স্পষ্ট উত্তর দিচ্ছে না। তাঁর দাবি, একেক সময় একেক রকম রোগের কথা বলা হচ্ছে। কখনও চিকিৎসকেরা বলছেন রোগীর ক্যানসার হয়েছে, আবার কখনও বলা হচ্ছে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। কিন্তু সঠিক রোগ নির্ণয় না করেই একের পর এক ব্যয়বহুল পরীক্ষা করানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর কথায়, একজন প্রবীণ মানুষ, যিনি দীর্ঘদিন দেশসেবার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর চিকিৎসা নিয়ে এমন অনিশ্চয়তা এবং বিভ্রান্তি অত্যন্ত উদ্বেগজনক। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরণে তাঁদের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও জানান অভিনেত্রী। চিকিৎসার নামে যদি রোগীর পরিবারকে এভাবে বিভ্রান্ত করা হয় এবং অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় থাকবে—এই প্রশ্নও তোলেন তিনি।

ফেসবুক লাইভে গোটা ঘটনার কথা জানিয়ে সংঘশ্রী বলেন, বিষয়টি প্রকাশ্যে আনার উদ্দেশ্য শুধু নিজের ক্ষোভ প্রকাশ করা নয়, বরং যাতে ভবিষ্যতে অন্য কোনও পরিবারকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সেই সচেতনতা তৈরি করাও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe